ফতুল্লায় গৃহ ডাকাতির ঘটনায় আন্তঃজেলা ডাকাত চক্রের ২ সদস্য গ্রেফতার, স্বর্ণ ও যন্ত্রপাতি উদ্ধার
ফতুল্লায় গৃহ ডাকাতির ঘটনায় আন্তঃজেলা ডাকাত চক্রের ২ সদস্য গ্রেফতার, স্বর্ণ ও যন্ত্রপাতি উদ্ধার

নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি বাড়িতে গ্রিল কেটে দুর্ধর্ষ ডাকাতির ঘটনার প্রধান দুই সদস্যকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তাদের কাছ থেকে লুন্ঠিত স্বর্ণ, স্বর্ণ গলানোর যন্ত্র, মোবাইল ও একটি ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করা হয়।
বুধবার (২৬ আগস্ট) পুলিশ সূত্রে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
পুলিশ জানায়, গত ০৮ আগস্ট ২০২৬ খ্রিষ্টাব্দে ভোর রাত সাড়ে ৩টা থেকে সোয়া ৪টার মধ্যে ফতুল্লা থানাধীন ভুঁইগড় তালতলা সামছুল হক খান মসজিদ এলাকার মোঃ হান্নান হোসাইনের বাড়িতে একদল অজ্ঞাত ডাকাত হানা দেয়। তারা ঘরের গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে অস্ত্রের মুখে বাড়ির লোকজনকে জিম্মি ও মারধর করে ১০ ভরি স্বর্ণ এবং নগদ ৭ লাখ টাকা লুট করে নিয়ে যায়। এই ঘটনায় ফতুল্লা মডেল থানায় ৩০৫/৩৯৭ ধারায় একটি মামলা (নং-৩২) রুজু করা হয়।
নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর দিকনির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) মোঃ হাসিনুজ্জামানের নেতৃত্বে ডিবির একটি চৌকশ টিম তথ্যপ্রযুক্তি ও গোপন তথ্যের ভিত্তিতে ডাকাতদের শনাক্ত করে।
এরপর ঢাকার তুরাগ, ডিএমপির বিভিন্ন এলাকা এবং নারায়ণগঞ্জের সোনারগাঁও থানাধীন কাঁচপুর এলাকায় অভিযান চালিয়ে আন্তঃজেলা এই ডাকাত চক্রের দুই সদস্যকে গ্রেফতার করা হয়।
শহিদুল খান (৪৬), পিতা: ইব্রাহীম ওরফে ইসমাইল খান, সাং: বিহারীপুর, থানা: বাকেরগঞ্জ, জেলা: বরিশাল।
কাউসার মল্লিক ওরফে হৃদয় (২৭), পিতা: কামাল হোসেন সাগর, সাং: সোনাপুর, কাঁচপুর, থানা: সোনারগাঁও, জেলা: নারায়ণগঞ্জ।
অভিযানকালে পুলিশ তাদের কাছ থেকে উদ্ধার করে: লুন্ঠিত ১ ভরি ২ রতি স্বর্ণ, স্বর্ণ গলানোর যন্ত্রপাতি, ডাকাতদের ব্যবহৃত ২টি মোবাইল ফোন, ১টি ব্যাংক অ্যাকাউন্ট।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা জানিয়েছে, তারা একটি আন্তঃজেলা ডাকাত চক্রের সক্রিয় সদস্য এবং ফতুল্লার এই ডাকাতির ঘটনায় মোট ১৪ জনের একটি দল অংশ নিয়েছিল। তাদের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় একাধিক ডাকাতি ও খুনসহ ডাকাতির মামলা রয়েছে।
পুলিশ জানিয়েছে, চক্রের বাকি পলাতক সদস্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

