নারায়ণগঞ্জে পুলিশ হত্যা: গুলিবিদ্ধ আসামি ডেভিডসহ গ্রেপ্তার ৬
নারায়ণগঞ্জ প্রতিনিধি : মোঃ রিদয় মল্লিক

নারায়ণগঞ্জের ফতুল্লায় পুলিশ কনস্টেবল আনোয়ার মোল্লাকে কুপিয়ে হত্যার চাঞ্চল্যকর ঘটনায় জড়িত শীর্ষ মাদক কারবারি ও সহোদর আব্দুল্লাহ এবং মোহাম্মদ রিয়াজ ওরফে ডেভিডসহ ছয়জনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। অভিযানের সময় পুলিশের ওপর ককটেল নিক্ষেপ করে পালানোর চেষ্টা করলে আত্মরক্ষার্থে পুলিশের ছোড়া গুলিতে প্রধান আসামি ডেভিড ডান পায়ে গুলিবিদ্ধ হন। এ সময় ককটেলের স্প্লিন্টারে চার পুলিশ সদস্য আহত হয়েছেন।
গ্রেপ্তারকৃতদের মধ্যে পাঁচজনকে আদালতে হাজির করা হলে বিচারক প্রত্যেকের পাঁচ দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন। গুলিবিদ্ধ ডেভিড বর্তমানে পুলিশি পাহারায় হাসপাতালে চিকিৎসাধীন।
পুলিশ সূত্রে জানা যায়, গত ২২ নভেম্বর রাত সাড়ে ৯টার দিকে ফতুল্লা থানাধীন হাশেমবাগ এলাকায় গোয়েন্দা তথ্য সংগ্রহের কাজে যান শীতলক্ষ্যা পুলিশ ফাঁড়ির এএসআই আ. সাত্তার ও কনস্টেবল আনোয়ার মোল্লা। এ সময় কয়েকজন মাদক কারবারি তাঁদের ওপর অতর্কিত হামলা চালায়। এএসআই সাত্তার জীবন বাঁচাতে দৌড়ে সরে যেতে সক্ষম হলেও দুর্বৃত্তরা কনস্টেবল আনোয়ারকে ধারালো দেশীয় অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে। এ ঘটনায় ফতুল্লা থানায় একটি হত্যা মামলা (মামলা নং-৬৭) দায়ের করা হয়।
ঘটনাটি অত্যন্ত স্পর্শকাতর হওয়ায় নারায়ণগঞ্জের পুলিশ সুপার (এসপি) মো. হাবিবুর রহমানের (পিপিএম) নির্দেশনায় থানা-পুলিশ ও জেলা গোয়েন্দা শাখার (ডিবি) একাধিক দল মাঠে নামে। পাশাপাশি র্যাব-১১ (এসআরবি) ছায়া তদন্ত ও অভিযান শুরু করে।
তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) মো. হাসিনুজ্জামানের নেতৃত্বে পুলিশের একটি দল রাত ২টা ১০ মিনিটে মুন্সিগঞ্জ সদর এলাকায় অভিযান চালিয়ে হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী আব্দুল্লাহকে (৩২) গ্রেপ্তার করে। তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে রাত সাড়ে ৩টার দিকে নারায়ণগঞ্জ সদর মডেল থানাধীন দেওভোগ পানির ট্যাংকি ও তাসলিম পট্টি এলাকা থেকে আব্দুস সামাদ (২৩) ও মাহমুদুল হাসানকে (২২) গ্রেপ্তার করা হয়।
পরবর্তীতে সামাদ ও হাসানের স্বীকারোক্তি অনুযায়ী সকাল ৭টা ৫০ মিনিটে তাসলিম পট্টির নুর হোসেনের পরিত্যক্ত ভবনে প্রধান আসামি ডেভিডকে (২৮) ধরতে অভিযান চালায় পুলিশ। এ সময় ডেভিড পুলিশকে লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করে পালানোর চেষ্টা করেন। আত্মরক্ষার্থে ফতুল্লা থানার কনস্টেবল মো. পারভেজ শর্টগান থেকে দুই রাউন্ড গুলি ছুড়লে ডেভিড ডান পায়ে গুলিবিদ্ধ হন। ককটেল বিস্ফোরণে চার পুলিশ সদস্য সামান্য আহত হন। আহত ডেভিডকে উদ্ধার করে নারায়ণগঞ্জ খানপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ছাড়া র্যাব-১১ পৃথক অভিযানে একই ঘটনায় জড়িত আরও দুজনকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃত ছয়জনের মধ্যে আব্দুল্লাহ (৩২) ও মোহাম্মদ রিয়াজ ওরফে ডেভিড (২৮) আপন দুই ভাই। তাঁরা ফতুল্লার মধ্যনগর বক্তাবলী এলাকার দেলোয়ার হোসেনের ছেলে এবং বর্তমানে দেওভোগ মাদ্রাসা সংলগ্ন ভূঁইয়া সিটিতে বসবাস করতেন। অন্য আসামিরা হলেন—দেওভোগ মাদ্রাসা এলাকার আব্দুস সামাদ (২৩), ময়মনসিংহের কোতোয়ালি থানার বাসিন্দা ও বর্তমানে দেওভোগ পানির ট্যাংকি এলাকার ভাড়াটিয়া মাহমুদুল হাসান (২২) এবং ফতুল্লার নাগবাড়ি এলাকার জাবেদ কায়সার আজাদ (৪০) ও আদর (২২)।

অভিযানকালে ঘটনাস্থল থেকে ককটেল তৈরির বিপুল পরিমাণ সরঞ্জাম, হত্যাকাণ্ডে ব্যবহৃত তিনটি ধারালো চাকু, একটি মোটরসাইকেল এবং আসামিদের ব্যবহৃত মোবাইল ফোন জব্দ করেছে পুলিশ।

