নারায়ণগঞ্জ জেলা পরিদর্শনে ৪৩ ও ৪৪তম বিসিএসের ১৩ শিক্ষানবিশ এএসপি
নারায়ণগঞ্জ প্রতিনিধি : মোঃ রিদয় মল্লিক

ঢাকা রেঞ্জ স্টাডি ট্যুরের অংশ হিসেবে নারায়ণগঞ্জ জেলা পরিদর্শন করেছেন ৪৩তম ও ৪৪তম বিসিএস (পুলিশ) ব্যাচের ১৩ জন শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার (এএসপি)। গতকাল মঙ্গলবার (২৪ নভেম্বর) সারদা বাংলাদেশ পুলিশ একাডেমিতে মৌলিক প্রশিক্ষণরত এই নবীন কর্মকর্তারা জেলা পুলিশের বিভিন্ন কার্যক্রম ও জেলার ঐতিহ্যবাহী স্থানসমূহ পরিদর্শন করেন।
সফরের শুরুতে নারায়ণগঞ্জ জেলা পুলিশের পক্ষ থেকে সফররত শিক্ষানবিশ এএসপিদের ফুলেল শুভেচ্ছা ও উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। পরে পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে নবীন কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। নারায়ণগঞ্জের পুলিশ সুপার (এসপি) মোঃ হাবিবুর রহমান, পিপিএমের সভাপতিত্বে সভায় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় নবীন কর্মকর্তাদের উদ্দেশ্যে পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমান বলেন, “বাংলাদেশ পুলিশের একজন কর্মকর্তা হিসেবে পেশাগত জীবনে সততা, নিষ্ঠা, সাহসিকতা, মানবিকতা ও পেশাদারিত্বের সমন্বয় ঘটানো অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভবিষ্যতের বহুমাত্রিক চ্যালেঞ্জ মোকাবিলায় নিজেদের যোগ্য ও দক্ষ কর্মকর্তা হিসেবে গড়ে তুলতে প্রশিক্ষণের প্রতিটি পর্যায়ে সর্বোচ্চ মনোযোগী হতে হবে। পাশাপাশি সাইবার ক্রাইম ও অনলাইন প্ল্যাটফর্মে অপরাধ প্রতিরোধে নিজেকে দক্ষ হিসেবে গড়ে তুলতে হবে।” এ সময় তিনি নিজের কর্মজীবনের বাস্তব অভিজ্ঞতার আলোকে নবীন কর্মকর্তাদের বিভিন্ন দিকনির্দেশনা দেন।
দিনের অন্যান্য কর্মসূচিতে শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপাররা নারায়ণগঞ্জ সদর মডেল থানা, শরীফ মেলামাইন ইন্ডাস্ট্রিজ (প্রা.) লিমিটেড, জামদানি পল্লী, বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন (লোকশিল্প জাদুঘর) এবং ঐতিহাসিক পানাম নগর পরিদর্শন করেন। এসব পরিদর্শনের মাধ্যমে তাঁরা জেলার আইনশৃঙ্খলা ব্যবস্থাপনা, শিল্প খাত, ঐতিহ্যবাহী জামদানি শিল্প, লোকজ সংস্কৃতি ও প্রত্নতাত্ত্বিক স্থাপনা সম্পর্কে প্রত্যক্ষ ধারণা লাভ করেন।
সফর শেষে পুলিশ সুপারের বাংলোতে নবীন কর্মকর্তাদের সম্মানে এক নৈশভোজের আয়োজন করা হয়। অনুষ্ঠানে নারায়ণগঞ্জের জেলা প্রশাসক (ডিসি) মোঃ রায়হান কবির উপস্থিত ছিলেন।
নৈশভোজের সংক্ষিপ্ত আলোচনায় জেলা প্রশাসক মোঃ রায়হান কবির বলেন, “জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের মধ্যে সুসম্পর্ক ও আন্তরিকতা থাকলে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকে এবং জেলার সার্বিক উন্নয়ন ত্বরান্বিত হয়, যাতে সাধারণ জনগণ সবচেয়ে বেশি উপকৃত হন। একজন সরকারি কর্মকর্তা হিসেবে জেলার সব দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে কাজ করতে হবে।”
অনুষ্ঠানের শেষ পর্যায়ে পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমান জেলা পুলিশের পক্ষ থেকে নবীন কর্মকর্তাদের হাতে শুভেচ্ছা স্মারক তুলে দেন। অন্যদিকে, বাংলাদেশ পুলিশ একাডেমি, সারদা, রাজশাহীর পক্ষ থেকে দুজন শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার নারায়ণগঞ্জের পুলিশ সুপারকে শুভেচ্ছা ক্রেস্ট প্রদান করেন এবং আন্তরিক আতিথেয়তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।

