
নারায়ণগঞ্জের ফতুল্লা থানা জাতীয়তাবাদী কৃষক দলের কমিটি বিলুপ্ত ঘোষণা করেছে কেন্দ্রীয় সংসদ। এর পাঁচ দিন আগে একই কমিটির সভাপতি ও নারায়ণগঞ্জ জেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক জুয়েল আরমানকে দল থেকে বহিষ্কার করা হয়েছিল। ফতুল্লায় বিএনপির দুই পক্ষের বিরোধের জেরে আবু ইউসুফ নামের এক যুবক নিহত হওয়ার ঘটনায় জুয়েল আরমানের নাম আলোচনায় আসার পর এ সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়।
সোমবার (২৩ নভেম্বর) জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় সংসদের সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন ও সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল ফতুল্লা থানা শাখার কমিটি বিলুপ্তির সিদ্ধান্ত অনুমোদন করেন। কেন্দ্রীয় সংসদের দপ্তর সম্পাদক মো. শফিকুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে কমিটি বিলুপ্তির কারণ হিসেবে ‘অনিবার্য কারণের’ কথা উল্লেখ করা হয়েছে।
এর আগে গত ১৮ নভেম্বর দলীয় নীতি, আদর্শ, শৃঙ্খলা ও সংগঠনবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে জুয়েল আরমানকে প্রাথমিক সদস্যপদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বিএনপি নেতা দেলোয়ার হোসেন ও কৃষক দল নেতা জুয়েল আরমানের মধ্যে দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তার ও পূর্ববিরোধ নিয়ে দ্বন্দ্ব চলছিল। এ নিয়ে আদালতে মামলাও রয়েছে। ওই বিরোধের জেরে এক রাতে জুয়েল আরমানের নেতৃত্বে একদল লোক দেলোয়ার হোসেনের বাড়িতে হামলা ও ভাঙচুর চালান বলে অভিযোগ ওঠে। সে সময় কারখানা থেকে বেতন নিয়ে বাড়ি ফেরার পথে হামলা ও ভাঙচুরের দৃশ্য মুঠোফোনে ধারণ করছিলেন আবু ইউসুফ। অভিযোগ রয়েছে, তখন হামলাকারীরা তাঁকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করেন। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
নিহত আবু ইউসুফ একটি ডাইং কারখানার গাড়িচালক ছিলেন। তাঁর বাড়ি চাঁদপুরের শাহরাস্তি উপজেলায় এবং তিনি ফতুল্লার তক্কার মাঠ এলাকায় ভাড়া থাকতেন। আট মাস আগে তাঁর বিয়ে হয়েছিল এবং স্ত্রী সাত মাসের অন্তঃসত্ত্বা ছিলেন।
দেলোয়ার হোসেনের অভিযোগ, গত ২০ জুন রাতে জুয়েল আরমান তাঁকে অপহরণ করে ১০ লাখ টাকা চাঁদা দাবি করেছিলেন। ওই ঘটনায় করা মামলাটি আদালতে বিচারাধীন এবং পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) তদন্ত করছে বলে জানান তিনি। দেলোয়ার হোসেনের দাবি, ওই মামলায় গ্রেপ্তারি পরোয়ানা থাকলেও পরে আদালতে হাজির হয়ে জামিন নেন জুয়েল আরমান।
ঘটনার বিষয়ে জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী তখন জানিয়েছিলেন, দুই পক্ষের বিরোধের জেরে দেলোয়ার হোসেনের বাড়িতে হামলা হয় এবং হামলার দৃশ্য ধারণ করতে গেলে আবু ইউসুফের ওপর হামলা চালানো হয়। জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার কথাও জানিয়েছিল পুলিশ।

