
নারায়ণগঞ্জের ফতুল্লায় গ্রেপ্তারি পরোয়ানার তথ্য সংগ্রহ করতে গিয়ে মাদক কারবারিদের হামলায় নিহত হয়েছেন পুলিশ কনস্টেবল আনোয়ার মোল্লা। এ ঘটনায় তাঁর সঙ্গে থাকা সহকারী উপপরিদর্শক (এএসআই) আবদুস সাত্তারকে প্রত্যাহার (ক্লোজড) করা হয়েছে। আজ (সোমবার, ২৩ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জের পুলিশ সুপার হাবিবুর রহমান।
গতকাল (রোববার, ২২ নভেম্বর) রাতে ফতুল্লার কাশীপুরের হাশেমবাগ এলাকায় এ হত্যাকাণ্ড ঘটে। পুলিশ জানায়, গোয়েন্দা তথ্য ও গ্রেপ্তারি পরোয়ানা-সংক্রান্ত তথ্য সংগ্রহ করতে সেখানে যান কনস্টেবল আনোয়ার মোল্লা ও এএসআই আবদুস সাত্তার। এ সময় মাদক কারবারি ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত একটি দল তাঁদের চিনে ফেলে। একপর্যায়ে ধারালো অস্ত্র নিয়ে তাঁদের ওপর হামলা চালায় দুর্বৃত্তরা। প্রাণ বাঁচাতে এএসআই সাত্তার ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে সক্ষম হলেও আনোয়ারকে কুপিয়ে হত্যা করা হয়।
নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী জানান, একটি গ্রেপ্তারি পরোয়ানার তথ্য সংগ্রহ করতে গতকাল রাতে তাঁরা হাশেমবাগ এলাকায় গিয়েছিলেন। এ সময় মাদক কারবারিরা তাঁদের ওপর হামলা করে। এতে আনোয়ার নিহত হন।
পুলিশের এই কর্মকর্তা আরও বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল করতেই অপরাধীরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের লক্ষ্যবস্তু করছে। তবে আগের তুলনায় এ ধরনের হামলার ঘটনা কমেছে বলেও দাবি করেন তিনি।
এদিকে, গত ৯ মাসে নারায়ণগঞ্জে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর অন্তত ১১টি হামলার ঘটনা ঘটেছে। এসব ঘটনায় একাধিক সদস্য আহত হয়েছেন। হামলার সময় আসামি ছিনিয়ে নেওয়ার পাশাপাশি পুলিশের অস্ত্র লুটের ঘটনাও ঘটেছে।
অপরাধী চক্রের এমন সংঘবদ্ধ হামলা মোকাবিলায় অভিযানে অংশ নেওয়া সদস্যদের নিরাপত্তা জোরদার এবং সাধারণ মানুষের সহযোগিতা নিশ্চিত করার ওপর গুরুত্ব দিয়েছেন নারায়ণগঞ্জের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর আবুল কালাম আজাদ। এ জন্য কমিউনিটি পুলিশিং কার্যক্রম জোরদারেরও পরামর্শ দিয়েছেন তিনি।
পুলিশ জানিয়েছে, আনোয়ার হত্যাকাণ্ডের ঘটনায় সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ ও ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করা হয়েছে। জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

