পরিচ্ছন্ন পর্যটনবান্ধব নগর হবে চট্টগ্রাম: জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞা
পরিচ্ছন্ন পর্যটনবান্ধব নগর হবে চট্টগ্রাম: জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞা

জেলে সম্প্রদায়ের সন্তানদের শিক্ষায় আগ্রহী করতে বিশেষ পরিকল্পনা নেওয়ার কথা জানিয়েছেন চট্টগ্রামের জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। একই সঙ্গে চট্টগ্রামকে পর্যটন শহর হিসেবে গড়ে তোলা, পরিচ্ছন্নতা নিশ্চিত করা এবং তরুণ প্রজন্মকে দক্ষ ও মানবিক হিসেবে গড়ে তোলার পরিকল্পনার কথাও বলেছেন তিনি।
দায়িত্ব নেওয়ার এক বছর পূর্তি উপলক্ষে আজ রোববার দুপুর ১টায় চট্টগ্রাম সার্কিট হাউসে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন জেলা প্রশাসক।
জেলে সম্প্রদায়ের প্রসঙ্গে জেলা প্রশাসক বলেন, সমাজের বিভিন্ন অসহায় শ্রেণির মধ্যে জেলেদের নিয়ে জেলা প্রশাসন একটি কার্যক্রম হাতে নেবে। ৫০ বছর আগে জেলেদের জীবনমান যেমন ছিল, সেখান থেকে তাঁদের পরিবর্তন আনতে শিক্ষার আলো জরুরি। এ লক্ষ্যেই পরিকল্পনা রয়েছে।
তরুণ ও মেধাবী প্রজন্মকে সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে করেন বলে জানান জেলা প্রশাসক। তাঁদের মানবিক মূল্যবোধসম্পন্ন, দক্ষ ও যোগ্য হিসেবে গড়ে তুলতে চান তিনি। চট্টগ্রামের ঐতিহ্য ও বর্তমান বাস্তবতা বিবেচনায় নিয়ে এসব পরিকল্পনা করা হয়েছে বলেও জানান তিনি।
চট্টগ্রামকে পর্যটন শহর হিসেবে গড়ে তোলার পাশাপাশি পরিচ্ছন্নতার বিষয়েও কাজ চলছে বলে জানান জেলা প্রশাসক। সরকারি কর্মচারীরা নিজ নিজ অবস্থান থেকে যথাযথভাবে দায়িত্ব পালন করছেন কি না, তা নিশ্চিত করার কথাও বলেন তিনি।
দায়িত্ব পালনের এক বছরের অভিজ্ঞতা তুলে ধরে জেলা প্রশাসক বলেন, এই সময়ে জঙ্গল সলিমপুরের মতো একটি সমস্যার মোকাবিলা করতে হয়েছে। পাশাপাশি আকস্মিক বন্যা সামলাতে হয়েছে। বেশ কিছু উৎসব ও জাতীয় কর্মসূচিও পালন করতে হয়েছে। সরকারের অগ্রাধিকারমূলক কর্মসূচিগুলো স্বচ্ছতা ও আন্তরিকতার সঙ্গে নির্ধারিত লক্ষ্য অনুযায়ী বাস্তবায়নের কাজও করতে হয়েছে।
জাহিদুল ইসলাম মিঞা ২০২৫ সালের ১৮ নভেম্বর চট্টগ্রামের জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব নেন। তিনি চট্টগ্রামের ৩৪তম জেলা প্রশাসক। তাঁর আগে দায়িত্ব পাওয়া জেলা প্রশাসক সাইফুল ইসলামকে এক মাসেরও কম সময়ের মধ্যে বদলি করা হয়েছিল।
দায়িত্ব নেওয়ার ছয় মাস পূর্তিতে গত ২০ মে সার্কিট হাউসে ‘স্বচ্ছতা ও জবাবদিহিতার ৬ মাস’ শিরোনামে সংবাদ সম্মেলন করেন তিনি। সেখানে জঙ্গল সলিমপুরে সেনাবাহিনী, র্যাব, বিজিবি, পুলিশ ও নির্বাহী ম্যাজিস্ট্রেটদের সমন্বয়ে পরিচালিত অভিযানে প্রাণহানি ছাড়াই এলাকা নিয়ন্ত্রণে আনার কথা জানানো হয়। পরে সেখানে পরিকল্পিত ভূমি ব্যবস্থাপনা ও উন্নয়ন কার্যক্রম শুরু করা হয়।
গত আগস্টের শুরুতে অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে ফটিকছড়িসহ চট্টগ্রামের বিভিন্ন এলাকায় বন্যা দেখা দেয়। এতে কৃষিজমি, ফসল ও মৎস্য খাত ক্ষতিগ্রস্ত হয়। ১ আগস্ট ফটিকছড়িতে ক্ষতিগ্রস্ত কৃষক ও পরিবারগুলোর মধ্যে সবজির বীজ ও খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

