নারায়ণগঞ্জে ডাইং কারখানায় বয়লার বিস্ফোরণ, দুই শ্রমিক গুরুতর দগ্ধ
নারায়ণগঞ্জ প্রতিনিধি : মোঃ রিদয় মল্লিক

নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি ডাইং কারখানায় বয়লার বিস্ফোরণের ঘটনায় দুই শ্রমিক গুরুতর দগ্ধ হয়েছেন। শুক্রবার (২০ নভেম্বর) দিবাগত রাত আনুমানিক সোয়া ২টার দিকে ফতুল্লার ইসদাইর এলাকার ‘রতন ডাইং’ কারখানায় এই দুর্ঘটনা ঘটে।
দগ্ধ শ্রমিকরা হলেন—রঞ্জিত ও পাশা। দুর্ঘটনার পরপরই স্থানীয়রা তাদের উদ্ধার করে ঢাকার জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করেন। বিস্ফোরণে তাদের মুখমণ্ডলসহ শরীরের বড় অংশ পুড়ে গেছে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, রাত ২টার দিকে রতন মিয়ার মালিকানাধীন কারখানাটিতে হঠাৎ বিকট শব্দে বয়লার বিস্ফোরিত হয়। শব্দ শুনে আশপাশের লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে যান। সে সময় পুরো কারখানা ঘন ধোঁয়ায় আচ্ছন্ন ছিল। পরে ভেতর থেকে দগ্ধ অবস্থায় ওই দুই শ্রমিককে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।
দগ্ধদের শারীরিক অবস্থার বিষয়ে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. সুলতান মাহমুদ শিকদার জানান, জরুরি বিভাগে আনা দুই রোগীর অবস্থাই আশঙ্কাজনক। এদের মধ্যে পাশার শরীরের ৮৭ শতাংশ এবং রঞ্জিতের শরীরের ৫২ শতাংশ দগ্ধ হয়েছে। এছাড়া উভয়েরই শ্বাসনালী ক্ষতিগ্রস্ত (ইনহেলেশন ইনজুরি) হয়েছে। তাদের ভর্তি রেখে সর্বোচ্চ চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে।
এদিকে, এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য কারখানার মালিক আব্দুল বাসেত ওরফে রতনকে আটক করেছে পুলিশ। ফতুল্লা মডেল থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) আবু রায়হান নূর আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

