গাছবোঝাই ট্রাক উল্টে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৮ কিলোমিটার যানজট
নারায়ণগঞ্জ প্রতিনিধি : মোঃ রিদয় মল্লিক

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে গাছবোঝাই একটি ট্রাক উল্টে যাওয়ায় ৮ কিলোমিটার এলাকাজুড়ে যানজটের সৃষ্টি হয়েছে। এতে যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়ে যাত্রী এবং পরিবহন চালকরা ভোগান্তিতে পড়েছেন।
বুধবার (১৮ নভেম্বর) সকাল আনুমানিক ৬টার সময় উপজেলার মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, মোগরাপাড়া চৌরাস্তায় চট্টগ্রামগামী লেনে ট্রাকটি উল্টে গিয়ে ট্রাকে থাকা গাছগুলো মহাসড়কে ছড়িয়ে ছিটিয়ে যায়। এতে যানবাহনের ধীরগতি হয়ে ধীরে ধীরে প্রায় ৮ কিলোমিটারজুড়ে তীব্র যানজট তৈরি হয়েছে। ফলে যাতায়াতকারী মানুষ এবং চালকদের চরম দুর্ভোগে পড়তে হয়েছে।
এক প্রত্যক্ষদর্শী বলেন, মেঘনা যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়ে প্রায় দেড় ঘণ্টা যানজটে আটকে ছিলাম। একপর্যায়ে গাড়ি থেকে নেমে ফিরে এসেছি।
এ বিষয়ে জানতে কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল রানার মুঠোফোনে একাধিক ফোন করা হলে তিনি কল রিসিভ করলেও উত্তর দেননি।
অপরদিকে শিমরাইল হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ জুলহাস উদ্দিনকে ফোন করা হলেও তিনি কল রিসিভ করেননি।
এ বিষয়ে ঘটনাস্থলে থাকা কাঁচপুর হাইওয়ে পুলিশের সার্জেন্ট ফজলে রাব্বি জাগো নিউজকে বলেন, ভোরে ট্রাক উল্টে গাছগুলো ছড়িয়ে যাওয়ায় এমন ঘটনা ঘটেছে। গাছগুলো সরানোর জন্য সকাল সকাল শ্রমিক না পাওয়া যাওয়ায় ভোগান্তি বেড়েছে। শ্রমিক পাওয়া গেছে এবং রেকার দ্বারা বিকল ট্রাকটি সরানোর চেষ্টা করা হচ্ছে।

