
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার ৮ নম্বর ওয়ার্ডের এনায়েতনগর এলাকায় মাদকের বিস্তার উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে বলে অভিযোগ করেছেন স্থানীয় বাসিন্দারা। এলাকাবাসীর দাবি, এলাকায় মাদকের এই কারবারের নেপথ্যে রয়েছে একটি সংঘবদ্ধ চক্র এবং এর মূল হোতা হিসেবে পরিচিত সেলিম ও তার পরিবারের সদস্যরা।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে এনায়েতনগরে প্রকাশ্যে ও গোপনে বিভিন্ন ধরনের মাদক বেচাকেনা চলছে। অভিযোগ রয়েছে, সেলিমের পাশাপাশি তার সহযোগী হিসেবে আমিনা, পিউলি, রেখা, সেলিমের ছেলে রাশেদ, ফাহিম (পিতা: টিসু) ও ফাহাদ (পিতা: জাহাঙ্গীর) এই চক্রের সঙ্গে সক্রিয়ভাবে জড়িত। পরিবারের একাধিক সদস্য ও সহযোগীদের নিয়ে গড়ে ওঠা এই নেটওয়ার্কের মাধ্যমে এলাকায় মাদক সরবরাহ করা হচ্ছে বলে দাবি বাসিন্দাদের।
এলাকাবাসীর অভিযোগ, মাদক কারবারিরা এতটাই বেপরোয়া হয়ে উঠেছে যে পাড়া-মহল্লার অলিগলিতে সহজেই মাদক মিলছে। এতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে স্থানীয় যুবসমাজ। মাদকের সহজলভ্যতা ও আসক্তির কারণে এলাকায় সামাজিক অবক্ষয় এবং ছোটখাটো অপরাধ প্রবণতাও বাড়ছে বলে আশঙ্কা করছেন তারা।
স্থানীয় কয়েকজন বাসিন্দা নাম প্রকাশ না করার শর্তে জানান, অভিযুক্তদের প্রভাব ও ভয়ে কেউ প্রকাশ্যে প্রতিবাদ করার সাহস পান না। ভয়ে মুখে কুলুপ এঁটে থাকলেও যুবসমাজকে বাঁচাতে তারা দ্রুত প্রশাসনের কঠোর হস্তক্ষেপ কামনা করেছেন।
সূত্রের দাবি, এর আগেও একাধিকবার মাদক সংক্রান্ত মামলায় সেলিম আইনশৃঙ্খলা বাহিনীর হাতে গ্রেপ্তার হয়েছিলেন। তবে জামিনে মুক্তি পাওয়ার পর তিনি আবারও একই কারবারে জড়িয়ে পড়েন বলে অভিযোগ রয়েছে। দ্রুত স্থায়ী ও কঠোর ব্যবস্থা না নিলে পরিস্থিতি আরও নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে বলে মনে করছেন সচেতন মহল।

