সারাদেশ

কক্সবাজারে বাসচাপায় সিএনজির ৫ যাত্রী নিহত

সময় সকাল ডেক্স

কক্সবাজারের ঈদগাঁওয়ে হানিফ পরিবহনের একটি বাসের চাপায় সিএনজির পাঁচ যাত্রী নিহত হয়েছেন। মঙ্গলবার (২৪ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের ঈদগাঁও থানা এলাকার ফকিরাবাজারে এ দুর্ঘটনা ঘটে।

 

ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ টি এম সিফাতুল মাজদার দুর্ঘটনায় পাঁচজন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

 

নিহতদের মধ্যে চকরিয়ার খুটাখালীর সাহাব উদ্দিন (৪৩) এবং লামা এলাকার সাইফুল ইসলাম (২৪) রয়েছেন। সাইফুল পটিয়া মাদরাসার শিক্ষার্থী ছিলেন। নিহতদের মধ্যে একজন নারী রয়েছেন। অন্যদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তাঁদের পরিচয় শনাক্তে কাজ করছে পুলিশ।

 

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, কক্সবাজারগামী হানিফ পরিবহনের একটি বাস চকরিয়াগামী সিএনজিটিকে চাপা দেয়। এতে সিএনজিটি দুমড়েমুচড়ে যায়। ঘটনাস্থলেই সিএনজির তিন যাত্রীর মৃত্যু হয়। পরে স্থানীয়রা আহত দুজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে সেখানে তাঁদের মৃত্যু হয়।

 

প্রত্যক্ষদর্শী ও ফকিরাবাজার ব্যবসায়ী সমিতির সভাপতি ওবায়দুর রহমান ওবাইদু জানান, বাস ও সিএনজির সংঘর্ষের পরপরই ঘটনাস্থলে ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়। স্থানীয় লোকজন দ্রুত এগিয়ে এসে আহতদের উদ্ধার করেন। দুর্ঘটনার পর মহাসড়কে যানজট তৈরি হওয়ায় ঈদগাঁও থানার সামনে যান চলাচলে সাময়িক বিঘ্ন ঘটে।

 

ঈদগাঁও থানার ওসি সিফাতুল মাজদার বলেন, দুর্ঘটনার পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহায়তায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। দুর্ঘটনার কারণে মহাসড়কের দুই পাশে যানবাহন আটকে পড়লেও পরে যান চলাচল স্বাভাবিক করা হয়। দুর্ঘটনাকবলিত বাস ও সিএনজিটি জব্দ করে থানা হেফাজতে নেওয়া হয়েছে।

Leave a Reply

Back to top button