রূপগঞ্জে ১০ কেজি গাঁজা ও ২০ বোতল স্কার্পসহ মাদক কারবারি গ্রেফতার
নারায়ণগঞ্জ প্রতিনিধি : মোঃ রিদয় মল্লিক

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় অভিযান চালিয়ে ১০ কেজি গাঁজা ও ২০ বোতল স্কার্পসহ মো. কামরুজ্জামান কামু (২৫) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। মঙ্গলবার (২৪ নভেম্বর) সন্ধ্যা আনুমানিক সোয়া ৬টার দিকে রূপগঞ্জ থানাধীন নাওড়া মধ্যপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত কামরুজ্জামান কামু রূপগঞ্জ থানার নাওড়া মধ্যপাড়া গ্রামের সুলতান মিয়া ও নুরজাহান বেগমের ছেলে।
জেলা গোয়েন্দা শাখা সূত্রে জানা গেছে, নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপারের দিক নির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপারের (ডিবি) তত্ত্বাবধানে ডিবি’র গ-জোনের ইনচার্জ মো. মমিনুল ইসলাম ও এসআই (নিঃ) এ.টি.এম জহিরুল ইসলামের নেতৃত্বে একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালায়। এ সময় মাদকসহ কামরুজ্জামান কামুকে হাতেনাতে গ্রেফতার করা হয়।
এ ঘটনায় গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে রূপগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে এবং তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। জেলা পুলিশ জানিয়েছে, মাদকসহ যেকোনো অপরাধ দমনে তাদের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

