ঠিকানা পরিবহনের ১৬ বাস আটক করল ঢাবি শিক্ষার্থীরা
ঠিকানা পরিবহনের ১৬ বাস আটক করল ঢাবি শিক্ষার্থীরা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এক শিক্ষার্থী ও তার পরিবারের সদস্যদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগে ঠিকানা পরিবহনের ১৬টি বাস আটক করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
শনিবার (২৮ নভেম্বর) বাসগুলো বিশ্ববিদ্যালয়ের মুহসীন হল মাঠে আটকে রাখা হয়। গতকাল শুক্রবার (২৭ নভেম্বর) শিক্ষার্থী সাজিয়া আফরিন মেহার সঙ্গে বাসের চালক ও সহকারীর অসদাচরণের প্রতিবাদে এ কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের (ঢাবি ১০৪ তম ব্যাচের) শিক্ষার্থী সাজিয়া আফরিন মেহা জানান, গতকাল সকালে তিনি তার মা ও বোনকে নিয়ে ঠিকানা পরিবহনের একটি বাসে সিটি কলেজ থেকে বাইপাইল যাচ্ছিলেন। এ সময় বাসের সহকারী তাদের কাছে ৯০ টাকা ভাড়া চান। তবে তার জানা অনুযায়ী, ওই পথে ভাড়া ৭০ টাকা হওয়ায় তিনি আপত্তি জানান। এ নিয়ে বাক্বিতণ্ডার একপর্যায়ে তাকে পুরো ভাড়াই দিতে হয়। এরপরও বাসের সহকারী তার সঙ্গে দুর্ব্যবহার করেন।
মেহা জানান, তিনি শিক্ষার্থী পরিচয় দিয়ে নিজের পরিচয়পত্র দেখিয়ে হাফ ভাড়ার কথা বলেছিলেন। এ সময় চালক ক্ষুব্ধ হয়ে বলেন, এখন থেকে আর হাফ ভাড়া নেওয়া হবে না, সবাইকে পুরো ভাড়া দিতে হবে। বাস থেকে নামার সময় তার মা সহকারীর আচরণের প্রতিবাদ করলে ওই সহকারী তাকে ‘বেয়াদব’ বলেন। এ ছাড়া তাদের বিনা ভাড়ায় আনলেও পোষাবে না বলে মন্তব্য করেন। বাসটির নম্বর ছিল ঢাকা মেট্রো-ব ১৫৭৬২৬।
মেহার অভিযোগ, ঠিকানা পরিবহনের ওই বাসটি প্রায়ই যাত্রীদের সঙ্গে দুর্ব্যবহার করে এবং গন্তব্যের আগেই নামিয়ে দেয়। অন্যান্য পরিবহনের বাসেও শিক্ষার্থীদের সঙ্গে এমন আচরণের ঘটনা ঘটে বলে তিনি দাবি করেন।
শিক্ষার্থীদের পক্ষ থেকে বলা হয়েছে, গণপরিবহনে শিক্ষার্থীদের সঙ্গে এ ধরনের দুর্ব্যবহার ও অপমানজনক আচরণ মেনে নেওয়া হবে না। ঘটনার সুষ্ঠু বিচার ও দায়ী বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিতে তারা ঠিকানা পরিবহনের ১৬টি বাস মুহসীন হল মাঠে আটকে রেখেছেন।
এ বিষয়ে জানতে চাইলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ইসরাফিল প্রাং (ইসরাফিল রতন) বলেন, শিক্ষার্থীদের বাস আটকে রাখার বিষয়টি সম্পর্কে তিনি অবগত আছেন। পরিবহন মালিকপক্ষের সঙ্গে তার কথা হয়েছে। এ বিষয়ে বসে আলোচনার মাধ্যমে একটি সমাধানে পৌঁছানো যাবে বলে আশা করছেন তিনি।

