বিশেষ ওএমএস চাল স্বতঃস্ফূর্তভাবে নিচ্ছেন শ্রমিকরা — ১৫টি খোলা ট্রাকে ৩০ টাকা দরে বিক্রি হচ্ছে ৭৫ টন চাল : ডিসি রায়হান কবির
নারায়ণগঞ্জ প্রতিনিধি : মোঃ রিদয় মল্লিক

পোশাক শ্রমিকদের জন্য সরকারের নেওয়া বিশেষ খোলা বাজারে পণ্য বিক্রয় (ওএমএস) কর্মসূচি অব্যাহত রয়েছে নারায়ণগঞ্জে। নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো. রায়হান কবিরের তত্ত্বাবধানে এ কর্মসূচির আওতায় আজ শুক্রবার (২৭ নভেম্বর) ৭ হাজার ৫০০ শ্রমিক পাচ্ছেন ৩০ টাকা দরে ১০ কেজি করে চাল।
পোশাক শ্রমিকদের জন্য সরকারের নেওয়া বিশেষ ওএমএস কর্মসূচির আওতায় নারায়ণগঞ্জে গত দুই শুক্রবার ১০টি খোলা ট্রাকের মাধ্যমে চাল বিক্রি শুরু হলেও আজ থেকে ১৫টি খোলা ট্রাকের মাধ্যমে চাল বিক্রি হচ্ছে।
শুক্রবার (২৭ নভেম্বর) নারায়ণগঞ্জে খোলা ট্রাকে গার্মেন্টস শ্রমিকদের মধ্যে ওএমএসের চাল বিক্রির কার্যক্রম পরিদর্শনে আসেন খাদ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ড. নাসিমা আক্তার। এ সময় জেলা খাদ্য নিয়ন্ত্রক কার্যালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সরেজমিনে দেখা গেছে, শুক্রবার সকাল ১০টা থেকে পোশাক শ্রমিকদের জন্য বিশেষ ওএমএস কার্যক্রম চলছে। নারায়ণগঞ্জের ফতুল্লার বিসিক শিল্পনগরী, তল্লা, কায়েমপুর, কাঠেরপুল, আদমজী ইপিজেড, সোনারগাঁ, রূপগঞ্জসহ ১৫টি স্থানে এ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। ১৫টি খোলা ট্রাকের মাধ্যমে চাল বিক্রি করা হচ্ছে। প্রতিটি ট্রাকে ৫ টন করে মোট ৭৫ টন চাল বিক্রি করা হচ্ছে।
আজ থেকে প্রতি শুক্রবার সাড়ে ৭ হাজার শ্রমিক ৩০ টাকা দরে ১০ কেজি করে চাল পাবেন। একজন শ্রমিক মাসে একবার সর্বোচ্চ ১০ কেজি চাল পাবেন।
গত দুই শুক্রবার যাবত এই কর্মসূচি চালু রয়েছে। আজ তৃতীয় দিনের মতো চাল বিক্রি চলছে। শ্রমিকদের ব্যাপক চাহিদার কথা চিন্তা করে জেলা প্রশাসক মো. রায়হান কবিরের আহ্বানে আজ আরও পাঁচটি ট্রাক বৃদ্ধি করে ৫০ টনের সঙ্গে আরও ২৫ টন যোগ করে মোট ৭৫ টন চালের ব্যবস্থা করা হয়েছে।
শ্রমিকদের লম্বা লাইনে দাঁড়িয়ে ওএমএসের চাল সংগ্রহ করতে দেখা গেছে। চাল পেয়ে অত্যন্ত আনন্দিত ও খুশি শ্রমিকরা।
পোশাক শ্রমিকরা জানান, নিত্যপণ্যের মূল্যের ঊর্ধ্বগতির কারণে ওএমএসের চাল তাদের কিছুটা সাশ্রয় হবে। তবে ওএমএসের মাধ্যমে চালের পাশাপাশি ডাল, তেল, আটাসহ অন্যান্য সামগ্রী দেওয়া হলে তারা আরও উপকৃত হতেন। চালের পাশাপাশি তেল, ডাল, আটাসহ অন্যান্য নিত্যপণ্য কম মূল্যে দেওয়ার দাবি জানিয়েছেন শ্রমিকরা।
এ বিষয়ে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো. রায়হান কবির জানান, পোশাক শ্রমিকদের সুবিধার কথা চিন্তা করে সরকারের নির্দেশে বিশেষ ওএমএস কর্মসূচি চালু করা হয়েছে। শ্রমিকরা যাতে নির্বিঘ্নে সুলভ মূল্যে চাল পান, সে জন্য জেলা প্রশাসন সার্বক্ষণিক তদারকি করছে। এই কর্মসূচি আগামীতেও অব্যাহত থাকবে।
তিনি আরও জানান, প্রতি শুক্রবার পোশাকশিল্পের শ্রমিকদের সাপ্তাহিক ছুটির দিনে নারায়ণগঞ্জে ১৫টি খোলা ট্রাকের মাধ্যমে ৭৫ টন চাল বিক্রি করা হচ্ছে। একজন পোশাক শ্রমিক মাসে একবার ১০ কেজি চাল পাবেন। প্রতি কেজি চালের মূল্য ৩০ টাকা নির্ধারণ করা হয়েছে।

