নারায়ণগঞ্জ সদরে ৭ ইউনিয়নে মশক নিধন ওষুধ ও ফগার মেশিন বিতরণ সহ পরিচ্ছন্নতা অভিযান
নারায়ণগঞ্জ প্রতিনিধি : মোঃ রিদয় মল্লিক

ডেঙ্গু প্রতিরোধে নারায়ণগঞ্জ সদর উপজেলার ৭টি ইউনিয়নে মশক নিধন ওষুধ ও ফগার মেশিন বিতরণ করা হয়েছে। এরপর মশক নিধন কর্মসূচির আওতায় সদর উপজেলার বিভিন্ন এলাকায় পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়।
শনিবার (২৮ নভেম্বর) সদর উপজেলা পরিষদ মিলনায়তনে নারায়ণগঞ্জ সদর উপজেলা প্রশাসনের ব্যবস্থাপনায় এ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো: রায়হান কবির।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, ডেঙ্গু প্রতিরোধে শুধু ওষুধ ছিটালেই হবে না, নিজেদের ঘরবাড়ি ও আশপাশ পরিষ্কার রাখতে হবে। জমে থাকা পানি, ফুলের টব, পরিত্যক্ত টায়ার ও ডাবের খোসায় এডিস মশা জন্মায়। তাই সবাইকে সচেতন হতে হবে। মশক নিধনে প্রশাসনের পাশাপাশি জনপ্রতিনিধি ও সাধারণ মানুষকেও এগিয়ে আসতে হবে।
তিনি আরও বলেন, সদর উপজেলার প্রতিটি ইউনিয়নে নিয়মিত ফগিং ও লার্ভিসাইডিং কার্যক্রম চালানো হবে। ডেঙ্গু মোকাবিলায় কোনো ধরনের গাফিলতি সহ্য করা হবে না।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার এস এম ফয়েজ উদ্দিন।
এ সময় উপজেলা পরিষদের কর্মকর্তা, ৭টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানটির ব্যবস্থাপনায় ছিল নারায়ণগঞ্জ সদর উপজেলা পরিষদ এবং সার্বিক সহযোগিতায় ছিল উপজেলা প্রকৌশলীর কার্যালয়, এলজিইডি, নারায়ণগঞ্জ সদর।
পরে অতিথিরা বিভিন্ন ইউনিয়নের প্রতিনিধিদের হাতে মশক নিধন ওষুধ ও ফগার মেশিন তুলে দেন।

