রূপগঞ্জে ইয়াবা ও ফেনসিডিলজাতীয় মাদকসহ স্বামী-স্ত্রী ও এক যুবক গ্রেপ্তার
নারায়ণগঞ্জ প্রতিনিধি : মোঃ রিদয় মল্লিক

নারায়ণগঞ্জের রূপগঞ্জে মাদকবিরোধী বিশেষ অভিযানে ১ হাজার পিস ইয়াবা ট্যাবলেট ও ১০ বোতল উইনসেরেক্স (Wincerex) সিরাপসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার তারাব পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের কামাল নগর এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন— কুমিল্লা সদর থানার মজলিশপুর এলাকার মৃত আলী আহম্মেদের ছেলে মোঃ মনির হোসেন (৪০), তার স্ত্রী মোসাঃ আমেনা বেগম (৩৬) এবং যশোরের চৌগাছা থানার সিংহজুলি গ্রামের মোঃ জামিল হোসেনের ছেলে মোঃ রাব্বী হোসেন (২৬)। বর্তমানে তারা সবাই রূপগঞ্জের কামাল নগর এলাকায় বসবাস করতেন।
পুলিশ জানায়, নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমানের (পিপিএম) নির্দেশনায় এবং রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) এ.এইচ.এম সালাউদ্দিনের তত্ত্বাবধানে এসআই আবু সাদেকের নেতৃত্বে পুলিশের একটি দল বৃহস্পতিবার রাত ১১টা ৩৫ মিনিটের দিকে কামাল নগর এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় আসামি মনির হোসেনের একতলা ভবনের পশ্চিম পাশের একটি কক্ষে তল্লাশি চালিয়ে ১০ বোতল উইনসেরেক্স ও ১ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকেই স্বামী-স্ত্রীসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়।
রূপগঞ্জ থানার ওসি এ.এইচ.এম সালাউদ্দিন জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে এবং তাদের নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে। মাদক নির্মূলে জেলা পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

