বিবিধ

দুর্গাপূজা সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে নারায়ণগঞ্জ সদর উপজেলা প্রশাসনের প্রস্তুতি সভা

দুর্গাপূজা সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে নারায়ণগঞ্জ সদর উপজেলা প্রশাসনের প্রস্তুতি সভা

আসন্ন শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে নারায়ণগঞ্জ সদর উপজেলায় প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৭ অক্টোবর) নারায়ণগঞ্জ সদর উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম ফয়েজ উদ্দিন।

সভায় উপজেলার বিভিন্ন পূজামণ্ডপের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অগ্নিনিরাপত্তা, বিদ্যুৎ ব্যবস্থা, যানবাহন চলাচল এবং পূজামণ্ডপে দর্শনার্থীদের নিরাপদ চলাচলসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হয়।

এ সময় পূজামণ্ডপগুলোতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার, অপ্রীতিকর ঘটনা প্রতিরোধ এবং যেকোনো ধরনের গুজব বা বিশৃঙ্খলা মোকাবিলায় সংশ্লিষ্টদের সতর্ক থাকার ওপর গুরুত্ব দেওয়া হয়। পাশাপাশি পূজা উদযাপন কমিটি, স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর মধ্যে সমন্বয় আরও জোরদারের বিষয়ে আলোচনা হয়।

সভাপতির বক্তব্যে ইউএনও এস এম ফয়েজ উদ্দিন বলেন, দুর্গাপূজা সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব। এ উৎসব যাতে নির্বিঘ্নে, নিরাপদে ও আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয়, সে জন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি নেওয়া হবে। কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি হলে তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়।

সভায় উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধি, পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Back to top button