বিবিধ

সিটি কর্পোরেশন প্রশাসককে না’গঞ্জ যুব সংসদের ফুলেল শুভেচ্ছা

নারায়ণগঞ্জ প্রতিনিধি : মোঃ রিদয় মল্লিক

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসকের সাথে সৌজন্য সাক্ষাৎ ও ফুলেল শুভেচ্ছা জানালেন না’গঞ্জ যুব সংসদ

 

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক এডভোকেট সাখাওয়াত হোসেন খান এর সাথে সৌজন্য সাক্ষাৎ ও ফুলেল শুভেচ্ছা বিনিময় করেছেন নারায়ণগঞ্জ যুব সংসদের নবগঠিত কমিটির নেতৃবৃন্দ।

 

আজ রবিবার (২৯ নভেম্বর) নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

 

এ সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ যুব সংসদের সভাপতি এ এইচ মুন্না ও সাধারণ সম্পাদক নুরুদ্দিন সাগর। এ সময় আরও উপস্থিত ছিলেন সাংবাদিক ও মানবাধিকার কর্মী এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ, সুমন রায়, মাহাবুব, রিপন সিকদার, সফিকুল ইসলাম, মাসুদ, স্বপনসহ কমিটির অন্যান্য সদস্যবৃন্দ।

 

সাক্ষাৎকালে নেতৃবৃন্দ সিটি কর্পোরেশনের প্রশাসককে ফুল দিয়ে শুভেচ্ছা জানান এবং সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরেন। একটি শান্তিপূর্ণ, মাদকমুক্ত, পরিচ্ছন্ন ও মানবিক নারায়ণগঞ্জ গঠনের প্রত্যয় নিয়ে নারায়ণগঞ্জ যুব সংসদ গঠন করা হয়েছে বলে জানান তারা।

 

এ সময় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক এডভোকেট সাখাওয়াত হোসেন খান বলেন, যুব সমাজই দেশের ভবিষ্যৎ। যুবদের সঠিক পথে পরিচালিত করতে পারলে সমাজ থেকে মাদক, সন্ত্রাস ও অপরাধ দূর করা সম্ভব। নগরীর উন্নয়ন, পরিচ্ছন্নতা, ডেঙ্গু প্রতিরোধ ও সামাজিক সচেতনতামূলক কাজে যুবদের সম্পৃক্ত করা জরুরি। মানবিক ও সামাজিক কাজে নারায়ণগঞ্জ যুব সংসদকে সব সময় পাশে পাবেন বলে আশ্বাস দেন তিনি।

 

তিনি আরও বলেন, সিটি কর্পোরেশনের পক্ষ থেকে যুবদের ইতিবাচক উদ্যোগকে সব ধরনের সহযোগিতা করা হবে। পরিচ্ছন্ন শহর গড়তে এবং জনসচেতনতা সৃষ্টিতে যুব সংসদ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

 

নারায়ণগঞ্জ যুব সংসদের সভাপতি এ এইচ মুন্না বলেন,নারায়ণগঞ্জ যুব সংসদ একটি সম্পূর্ণ অরাজনৈতিক সংগঠন। আমরা মানবসেবা ও সমাজের কল্যাণে কাজ করতে চাই। অসহায় মানুষের পাশে দাঁড়ানো, রক্তদান, শিক্ষা সহায়তা, বাল্যবিবাহ ও মাদক প্রতিরোধ এবং পরিচ্ছন্ন নারায়ণগঞ্জ গড়তে যুব সংসদ কাজ করে যাবে।

 

সাধারণ সম্পাদক নুরুদ্দিন সাগর বলেন, সকলকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে শান্তিপূর্ণ ও মানবিক কার্যক্রমের মাধ্যমে সংগঠনকে এগিয়ে নিয়ে যাওয়া হবে।

Leave a Reply

Back to top button