রাজনীতি

নারায়ণগঞ্জে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ, ভারতীয় পণ্য বয়কটের ডাক

নারায়ণগঞ্জ প্রতিনিধি : মোঃ রিদয় মল্লিক

কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের বিরুদ্ধে সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে।

 

রবিবার (২৯ নভেম্বর) বেলা ১২টায় নারায়ণগঞ্জ জেলা ও মহানগর যুবদলের উদ্যোগে এ সমাবেশ ও মিছিলের আয়োজন করা হয়।

 

সমাবেশে মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, যুবদল কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি রফিক আহমেদ ডলার।

 

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, নারায়ণগঞ্জ একটি ঐতিহ্যবাহী জেলা। নারায়ণগঞ্জকে ঘিরে একসময় ব্যবসা-বানিজ্য আবর্তিত হত। পবিত্র কোরআনে এসেছে ‘প্রতিটি প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহন করতে হবে’। দেশের স্বাধীনতা ও সার্বভোমত্ব রক্ষা করার জন্য বিএনপি ও প্রতিটি অঙ্গসংগঠনের নেতাকর্মী মৃত্যুবরণ করতে প্রস্তুত।

হাসিনা কোন ইস্যু নয়, তিনি বেঁচে আছেন কিনা আমরা জানি না। সেটা জানার কোন প্রয়োজন নেই। আমাদের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করার পায়তারা করছেন, দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছেন তারা আর কেউ নয় তারা ভারত।

তিনি আরও বলেন, ভারতকে বলতে চাই যদি আপনারা আমাদের দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করেন তাহলে আপনাদের সাত বোন ভুগবে। আগামী ১লা ডিসেম্বর প্রধানমন্ত্রী তারেক রহমান যে কর্মসূচী ঘোষনা করবেন তার একটা অংশ হলো ভারতীয় পণ্য বয়কট করা।

যদি তারা আমাদের দেশ অস্থিতিশীল করতে চায় তাহলে তাদের অর্থনৈতিক মেরুদণ্ড আমরা ভেঙ্গে দিবো। তাদের পণ্য বয়কট করতে হবে এবং আমাদের দেশের মানুষ চিকিৎসা সেবা নিতে ভারত যান তারা সকলেই চিন বা মালয়েশিয়া যাবেন। এতে করে তাদের অর্থনীতিতে বড় ধরনের ব্যাঘাত ঘটবে। তাই আসুন প্রধানমন্ত্রী তারেক রহমান যে কর্মসূচী ঘোষনা দিবেন আমরা সকলে ঐক্যবদ্ধ হয়ে সেটা পালন করবো।

 

সভাপতির বক্তব্যে মনিরুল ইসলাম সজল বলেন, আমরা দীর্ঘ ১৫ বছর ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে আন্দোলন-সংগ্রাম করেছি। প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব বজায় রাখতে কাজ করছেন। অন্য একটি সরকার ছিলো যারা সাধারণ মানুষকে জিম্মি করে রেখেছিলো। তারা এই দেশকে ধ্বংস করার পায়তারা করেছিলো। ফ্যাসিবাদী পলাতক শক্তিকে নারায়ণগঞ্জের মাটিতে কোন স্থান দেওয়া হবে না।

 

কেন্দ্রীয় নেতৃবৃন্দের ঘোষনা অনুযায়ী আপনারা সকলেই ভারতীয় পণ্য বর্জন করবেন। আমরা সকলেই আগামীতেও ঐক্যবদ্ধ থেকে ফ্যাসিস্টদের প্রতিহত করবো। সমাবেশের পূর্বে একটি বিক্ষোভ মিছিল খানপুর হাসপাতালের সামনে থেকে বের হয়ে চাষাড়া গোল চত্বরে গিয়ে শেষ করে।

 

এসময় আরও উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় কমিটির নেতা আলমগীর হোসেন সেলিম, সাহিত্য সম্পাদক সোহেল, জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সজিব আহমেদ, সদস্য সচিব মশিউর রহমান রনি, মহানগর যুবদলের সদস্য সচিব শাহেদ আহমেদ সহ বিভিন্ন থানা ও ওয়ার্ড থেকে আগত নেতৃবৃন্দ।

Leave a Reply

Back to top button