অপরাধ

ফতুল্লায় নিষিদ্ধ সংগঠনের ৯ সদস্য গ্রেফতার

ফতুল্লায় নিষিদ্ধ সংগঠনের ৯ সদস্য গ্রেফতার

নারায়ণগঞ্জের ফতুল্লা মডেল থানাধীন এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধ দমনের ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে ৯ জন নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সদস্যকে গ্রেফতার করেছে হাজীগঞ্জ পুলিশ ফাঁড়ি।

​গত শুক্রবার (২৯ আগস্ট) রাতে গোপন সংবাদের ভিত্তিতে ফতুল্লার চাষাড়া-সাইনবোর্ড প্রধান সড়কের পূর্ব পাশে শান্তিধারা ২ নম্বর রোডসংলগ্ন মসজিদের পাশ থেকে তাদের আটক করা হয়। ফতুল্লা মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আনোয়ার হোসেনের নেতৃত্বে পরিচালিত এই বিশেষ অভিযানে স্থানীয় জনগণের সক্রিয় সহায়তা ছিল। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে তাদের হাতেনাতে আটক করা হয়।

​গ্রেফতারকৃত ব্যক্তিরা হলেন— মো. রাব্বি (২০), ইয়াছিন আরাফাত (২০), শিমুল (২০), মো. পলক (১৮), আবরার আহম্মেদ (১৮), ফেরদাউছ (১৮), তানভির হোসেন (১৮), নয়ন (১৯) এবং আবু বক্কর (১৮)। তাদের বাড়ি ফতুল্লা, নারায়ণগঞ্জ সদর, বরগুনা ও ময়মনসিংহ জেলার বিভিন্ন এলাকায়।

​পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃতরা স্বীকার করেছে যে তারা নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সদস্য। তারা দীর্ঘদিন ধরে নারায়ণগঞ্জ জেলার সাবেক সংসদ সদস্য শামীম ওসমান ও তার ছেলে এ কে এম অয়ন ওসমানের প্ররোচনায় সরকার কর্তৃক নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগের সদস্য হিসেবে গোপনে সাংগঠনিক কার্যক্রম পরিচালনা এবং নানা ধরনের প্রচার-প্রচারণা চালিয়ে আসছিল। জনমনে আতঙ্ক সৃষ্টি ও সরকারবিরোধী ষড়যন্ত্রের উদ্দেশ্যে তারা ওই স্থানে সমবেত হয়েছিল বলে জানিয়েছে পুলিশ।

​এ ঘটনায় ফতুল্লা মডেল থানায় সন্ত্রাস বিরোধী আইন, ২০০৯ (সংশোধিত ২০১৩)-এর সংশ্লিষ্ট ধারায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। শনিবার আসামিদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে এবং পলাতক অন্যান্য আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

Leave a Reply

Back to top button