সিদ্ধিরগঞ্জে ৫০ পিস ইয়াবাসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী রমজান গ্রেফতার
সিদ্ধিরগঞ্জে ৫০ পিস ইয়াবাসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী রমজান গ্রেফতার

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মাদকের বিরুদ্ধে বিশেষ অভিযান চালিয়ে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ চিহ্নিত মাদক ব্যবসায়ী রমজানকে (৩৪) গ্রেফতার করেছে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (৮ জুলাই) রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জ জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী মহোদয়ের দিক-নির্দেশনায় এবং সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ জনাব মোহাম্মদ এমদাদুল হকের প্রত্যক্ষ নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
৮ জুলাই, ২০২৬ খ্রিঃ রাত আনুমানিক ১০টা ০৫ মিনিটের দিকে সিদ্ধিরগঞ্জ থানাধীন ৭নং ওয়ার্ডের কদমতলী কবরস্থান সংলগ্ন ব্রিজের ওপর পুলিশের একটি টিম অবস্থান নেয়। এসময় সন্দেহভাজন মাদক ব্যবসায়ী রমজানকে আটক করে তার দেহ তল্লাশি করলে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী রমজান সিদ্ধিরগঞ্জের সুমিলপাড়া বিহারী ক্যাম্প এলাকার মোস্তাকিম গফুর ভান্ডারী ও আয়েশা খাতুনের ছেলে।
সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃত রমজান একজন পেশাদার অপরাধী। তার বিরুদ্ধে মাদক ও হত্যাসহ বিভিন্ন অভিযোগে মোট ১৮টি মামলা রয়েছে। এর মধ্যে সাম্প্রতিক সময়ের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রেক্ষাপটে হওয়া হত্যা মামলাও অন্তর্ভুক্ত।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সিদ্ধিরগঞ্জ থানার ওসি জনাব মোহাম্মদ এমদাদুল হক বলেন, “ধৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করে তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে পুলিশের এ ধরনের সাঁড়াশি অভিযান অব্যাহত থাকবে।”
এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরিয়ে আনতে এবং অপরাধ নির্মূলে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের এমন সাহসী পদক্ষেপকে স্থানীয় সচেতন মহল সাধুবাদ জানিয়েছে।

