ফতুল্লায় দেশীয় অস্ত্রসহ মিলন-সাজিদ গ্রুপের ৩ ডাকাত গ্রেফতার
ফতুল্লায় দেশীয় অস্ত্রসহ মিলন-সাজিদ গ্রুপের ৩ ডাকাত গ্রেফতার

নারায়ণগঞ্জের ফতুল্লার শান্তিধারা এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে অভিযান চালিয়ে মিলন-সাজিদ গ্রুপের তিন সক্রিয় সদস্যকে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)।
রবিবার (২৩ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে ডিবির ক-জোনের একটি চৌকশ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করে।
গ্রেফতারকৃতরা হলেন ১. রকি সরকার @ নাঈম (২৫), পিতা- সায়েম সরকার, সাং- ব্রজপুর, আত্রাই, নওগাঁ; বর্তমান ঠিকানা: শান্তিধারা ১নং রোড, ফতুল্লা, নারায়ণগঞ্জ। ২. আজমান @ লেম্বর (২৫), পিতা- সাহাবুল, সাং- আসনপুর, মিঠামইন, কিশোরগঞ্জ; বর্তমান ঠিকানা: শান্তিধারা ২নং রোড, ফতুল্লা, নারায়ণগঞ্জ। ৩. রায়হান (২৩), পিতা- সাইদুর রহমান, সাং- সুতারপাড়া, করিমগঞ্জ, কিশোরগঞ্জ; বর্তমান ঠিকানা: শান্তিধারা ১নং রোড, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
পুলিশ জানায়, তাদের হেফাজত থেকে ৬টি রামদা, ৩টি তলোয়ার, ২টি ছুরি, ১টি সুইচ গিয়ার, সাইকেলের স্পোকেন দিয়ে তৈরি ২টি কুড়াল এবং ২টি এসএস পাইপ উদ্ধার করা হয়।
ডিবি সূত্রে জানা যায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন। তারা গত ১৮ আগস্ট সাইনবোর্ড এলাকায় প্রতিপক্ষ সন্ত্রাসী মানিক গ্রুপের সাথে প্রকাশ্য দিবালোকে আধিপত্য বিস্তারের লক্ষ্যে অস্ত্রশস্ত্র নিয়ে মারামারির কথা স্বীকার করেছেন। এছাড়া মিলন-সাজিদ ও শান্তদের নেতৃত্বে ওই এলাকায় বড় ধরনের সন্ত্রাসী কার্যক্রম ও ডাকাতির প্রস্তুতি নিচ্ছিলেন বলে জানান তারা।
এ ঘটনায় ডিবির এসআই রুবেল মিয়া বাদী হয়ে ধৃত ও পলাতক সন্ত্রাসীদের বিরুদ্ধে ফতুল্লা মডেল থানায় একটি এজাহার দায়ের করেন। পরে ফতুল্লা মডেল থানায় (মামলা নং-৭৭, তারিখ- ২৪/০৮/২০২৬ খ্রি., ধারা- ৩৯৯/৪০২ পেনাল কোড) মামলা রুজু করা হয়।
পুলিশ জানিয়েছে, এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধীদের গ্রেফতারে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

