রূপগঞ্জে ৭৬ কেজি গাঁজা, হিরোইন ও ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার
রূপগঞ্জে ৭৬ কেজি গাঁজা, হিরোইন ও ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার

নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে ৭৬ কেজি গাঁজা, ১০ গ্রাম হিরোইন এবং ৫১ পিস ইয়াবাসহ ৩ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। গত ২৪ সেপ্টেম্বর ২০২৬ খ্রি. রাতে রূপগঞ্জের বিভিন্ন এলাকায় এসব সফল অভিযান পরিচালিত হয়।
পুলিশ সূত্রে জানা যায়, জেলা পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর দিকনির্দেশনা এবং রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) এ.এইচ.এম সালাউদ্দিনের তত্ত্বাবধানে এই অভিযানগুলো পরিচালিত হয়।
৭৬ কেজি গাঁজা উদ্ধার: গত ২৪ সেপ্টেম্বর রাত আনুমানিক সাড়ে ৭টার দিকে রূপগঞ্জ থানাধীন মুড়াপাড়া ইউনিয়নের মাছিমপুর উত্তরপাড়া এলাকার শাহজাহান গংদের বাড়ির পূর্বপাশে কলা ও লিচু বাগানের ভেতর অভিযান চালায় এসআই (নিঃ) আবু সাদেকের নেতৃত্বে একটি চৌকস দল। এ সময় ৭৬ কেজি গাঁজা উদ্ধার করা হলেও পুলিশের উপস্থিতি টের পেয়ে আসামিরা পালিয়ে যেতে সক্ষম হয়।
ওই দিনই রাত সোয়া ৯টার দিকে কায়েতপুর ইউনিয়নের চনপাড়া পুনর্বাসন কেন্দ্রের ৩ নম্বর ওয়ার্ডে আব্দুল খালেকের মুদির দোকানের সামনে পাকা রাস্তার ওপর অভিযান পরিচালনা করেন এএসআই (নিঃ) শাহারুল ইসলামের দল। এ সময় ১০ গ্রাম হিরোইনসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন:
মোঃ আব্দুল মান্নান মুন্সী (৪২), পিতা- মোঃ মেহের আলী মুন্সী, সাং- ছোট কৃষ্ণনগর, জাজিরা, শরীয়তপুর; বর্তমান ঠিকানা: আদমজীনগর (ফকিরার বাড়ির ভাড়াটিয়া), সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ।
মোঃ দেলোয়ার আকন (৫০), পিতা- মৃত রহম আকন, সাং- ছোট কৃষ্ণনগর, জাজিরা, শরীয়তপুর।
অপরদিকে, ২৫ সেপ্টেম্বর দিবাগত রাত পৌনে ১টার দিকে মুড়াপাড়া ইউপির ছোট বানিয়াদী এলাকায় অভিযান চালায় এসআই (নিঃ) নাহিদ মাসুমের নেতৃত্বাধীন টিম। এ সময় ৫১ পিস ইয়াবাসহ মোসাঃ রিকু আক্তার (৪৬) নামের এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। তিনি রূপগঞ্জের ছোট বানিয়াদী এলাকার মো. মনির ওরফে ডিব্বা মনিরের স্ত্রী।
গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে রূপগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে। পরবর্তীতে তাদের যথাযথ পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে থানা পুলিশ। স্থানীয় মাদক নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

