
নারায়ণগঞ্জের ফতুল্লায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ৪০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. রিফাত (২২) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ।
সোমবার (০৬ জুলাই) বিকেলে ফতুল্লা মডেল থানাধীন কোতালেরবাগ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত রিফাত কোতালেরবাগ খালপাড় এলাকার মো. শরীফ ও ঝর্না আক্তারের সন্তান।
পুলিশ সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জ জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী মহোদয়ের নির্দেশনায় এবং ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব মোহাম্মদ মাহবুব আলম এর তত্ত্বাবধানে নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে এএসআই (নিরস্ত্র) আব্দুল হামিদের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল কোতালেরবাগ এলাকায় টহল দিচ্ছিল।
অভিযান চলাকালে সোমবার বিকাল আনুমানিক ৪টা ১৫ মিনিটের দিকে কাঠেরপুল সংলগ্ন চাঁদ ডাইংয়ের বিপরীত পাশে ‘জনতা স্টোর’ নামক মুদির দোকানের সামনে মো. রিফাতের দেহ তল্লাশি করে পুলিশ ৪০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। হাতেনাতে মাদকসহ গ্রেফতারের পর তাকে থানায় নিয়ে আসা হয়।
ফতুল্লা মডেল থানার পুলিশ জানায়, গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করা হয়েছে। আজ সকালে তাকে আইনানুগ প্রক্রিয়ায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে পুলিশের এমন জিরো টলারেন্স নীতি অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন।

