নারায়ণগঞ্জে খেলনা অস্ত্র নিয়ে ভিডিও তৈরি ও আতঙ্ক ছড়ানোর অভিযোগে দুই তরুণ গ্রেফতার
নারায়ণগঞ্জে খেলনা অস্ত্র নিয়ে ভিডিও তৈরি ও আতঙ্ক ছড়ানোর অভিযোগে দুই তরুণ গ্রেফতার

নারায়ণগঞ্জে প্লাস্টিকের তৈরি খেলনা অস্ত্র (শটগান ও এসএমজি সদৃশ) হাতে নিয়ে ঘুরে বেড়ানো এবং সেই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে জনমনে আতঙ্ক সৃষ্টির অভিযোগে দুই তরুণকে গ্রেফতার করেছে নারায়ণগঞ্জ সদর মডেল থানা পুলিশ।
গত ২৮ আগস্ট ২০২৬ তারিখে সিটি পার্কের বিভিন্ন এলাকায় অস্ত্র হাতে দুই তরুণের ঘুরে বেড়ানোর একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। বিষয়টি নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর নজরে আসলে তিনি দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।
নির্দেশনার পর জেলা পুলিশের আইসিটি শাখার এসআই (নিঃ) আফজাল শাহীন ও তার টিম প্রযুক্তিগত সহায়তা ও ভিডিও বিশ্লেষণ করে ঘটনার মূলহোতা ও ভিডিও নির্মাতাকে শনাক্ত করেন। পরবর্তীতে নারায়ণগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ মো. সাজেদুর রহমানের নেতৃত্বে একটি আভিযানিক দল ২৮ আগস্ট রাত ১০টা ৩৫ মিনিটে শহরের ২নং রেলগেট এলাকা থেকে তাদের দুইজনকে আটক করে।
১. ভিডিও নির্মাতা মো. লিমন তোহা (২২), পিতা- মো. শামীম আহম্মেদ, সাং- বন্দর বাজার, থানা- বন্দর, জেলা- নারায়ণগঞ্জ।
২. অস্ত্র হাতে ভিডিও ধারণকারী মো. ইয়াছিন মোল্লা (২৩), পিতা- মো. স্বপন মোল্লা, সাং- বন্দর ফায়ার সার্ভিসের গলি, থানা- বন্দর, জেলা- নারায়ণগঞ্জ।
পুলিশ জানায়, প্লাস্টিকের তৈরি শটগান ও এসএমজি দিয়ে প্রকাশ্যে মহড়া দিয়ে সাধারণ পথচারী ও শিশুদের ভয় দেখিয়ে জনমনে আতঙ্ক সৃষ্টি করায় তাদের বিরুদ্ধে আইন-শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) আইন, ২০০২-এর ৪ ধারায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে। পরে তাদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, বিনোদনের নামে এ ধরনের কর্মকাণ্ড এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ভীতি প্রদর্শনমূলক কনটেন্ট ছড়িয়ে দেওয়া একটি গুরুতর অপরাধ। এ বিষয়ে পুলিশ প্রশাসন অত্যন্ত কঠোর অবস্থানে রয়েছে এবং সাধারণ মানুষের নিরাপত্তা রক্ষায় এ ধরনের তৎপরতা অব্যাহত থাকবে।

