‘আমরা বিএনপি পরিবার’ পেজ দিয়ে অপপ্রচার: ডিবি পুলিশের হাতে এডমিন গ্রেপ্তার
‘আমরা বিএনপি পরিবার’ পেজ দিয়ে অপপ্রচার: ডিবি পুলিশের হাতে এডমিন গ্রেপ্তার

‘আমরা বিএনপি পরিবার’ নামে একটি ফেসবুক পেজ ব্যবহার করে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে অপতথ্য ছড়িয়ে বিভ্রান্তি সৃষ্টি ও চাঁদাদাবির অভিযোগে মেহেদী হাসান রাজীব নামে এক ছাত্রলীগ নেতাকে গ্রেফতার করেছে নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের সাবেক সভাপতি রাকিবুর রহমান সাগরের দায়ের করা মামলার তদন্তের সূত্র ধরে সোমবার (১২ অক্টোবর) ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার বাদৈর ইউনিয়নে রাজীবের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।
অভিযোগ অনুযায়ী, রাজীব দীর্ঘদিন ধরে ‘আমরা বিএনপি পরিবার’ নামের ফেসবুক পেজটি পরিচালনা করে আসছিলেন। ওই পেজের মাধ্যমে বিএনপি, যুবদল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাদের বিরুদ্ধে অপতথ্য প্রচার করে দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়ানো হতো। একই সাথে অপপ্রচার বন্ধে দাবি করা হতো মোটা অংকের টাকা। এরই ধারাবাহিকতায় নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের সাবেক সভাপতি রাকিবুর রহমান সাগরও অপপ্রচারের শিকার হন। এবং তার কাছেও টাকা দাবি করে এই প্রতারক চক্রটি।
এ ঘটনায় সাগর সিদ্ধিরগঞ্জ থানায় মামলা দায়ের করেন তিনি। মামলাটির তদন্তের অংশ হিসেবে ডিবি পুলিশ ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার বাদৈর ইউনিয়নে অভিযান চালিয়ে রাজীবকে গ্রেফতার করে নারায়ণগঞ্জে নিয়ে আসে।
মামলার এজাহার ও অভিযোগকারীর বক্তব্য অনুযায়ী, রাজীবের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে অপতথ্য প্রচার, ভয়ভীতি প্রদর্শন এবং চাঁদা দাবির অভিযোগও রয়েছে। অভিযোগে বলা হয়েছে, বিভিন্ন সময়ে মুঠোফোন ও হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে অর্থ দাবি এবং অর্থ না দিলে সামাজিক যোগাযোগমাধ্যমে মানহানিকর তথ্য প্রচারের হুমকি দেওয়া হয়। এসব অভিযোগের ভিত্তিতেই আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে।
এদিকে, রাজীব আওয়ামী লীগ সরকারের সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ছিলেন
তদন্তসংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে জানা গেছে, অপতথ্য প্রচারের ঘটনায় সিদ্ধিরগঞ্জের আরও দুই ব্যাক্তির সংশ্লিষ্টতার বিষয়ে রাজীবের কাছ থেকে তথ্য পাওয়া গেছে। তবে তদন্তের স্বার্থে ওই দুই ব্যক্তির নাম প্রকাশ করেনি জেলা গোয়েন্দা পুলিশ।
এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন অভিযোগকারী পক্ষ।

