সোনারগাঁওয়ে ফ্রেশ কোম্পানির ২৫ লাখ টাকার সয়াবিন তেল ও ট্রাকসহ চালক আটক
সোনারগাঁওয়ে ফ্রেশ কোম্পানির ২৫ লাখ টাকার সয়াবিন তেল ও ট্রাকসহ চালক আটক

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে ফ্রেশ কোম্পানির প্রায় ২৫ লাখ টাকা মূল্যের তেরো টন সয়াবিন তেল আত্মসাতের ঘটনায় ট্রাক চালককে গ্রেফতার করেছে পুলিশ। গত ১০ জুলাই ২০২৬ তারিখ গাজীপুরের কালিয়াকৈর থেকে তাকে গ্রেফতার করা হয়। পরবর্তীতে আসামির দেওয়া তথ্যের ভিত্তিতে ঢাকা জেলার সাভারের আমিন বাজার এলাকা থেকে খোয়া যাওয়া ৭১৬ কার্টন সয়াবিন তেল ও সংশ্লিষ্ট ট্রাকটি উদ্ধার করা হয়েছে।
গ্রেফতারকৃত আসামির নাম মোঃ আল আমিন গাজী (৩০)। তিনি পটুয়াখালী জেলার সদর থানাধীন ধনবাড়ী এলাকার মোঃ মোস্তাফা গাজীর ছেলে। বর্তমানে তিনি গাজীপুরের কালিয়াকৈরে বসবাস করতেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ৬ জুলাই বিকেলে সোনারগাঁওয়ের মেঘনা ফ্রেশ কোম্পানি থেকে রংপুরের উদ্দেশ্যে রওনা হয় সিলেট-ট ১১-০৬৫৮ নম্বর ট্রাকটি। ট্রাকে ৭৫০ কার্টন সয়াবিন তেল লোড করা ছিল, যার আনুমানিক বাজারমূল্য ২৫ লাখ টাকা। ট্রাকের চালক মোঃ আল আমিন তেলগুলো নির্দিষ্ট ডেলিভারি পয়েন্টে না পৌঁছে গাড়ি নিয়ে উধাও হয়ে যান। এই ঘটনায় ফাহিমা ই-ট্রান্সপোর্টের ম্যানেজার মোঃ হাছান আলী বাদী হয়ে সোনারগাঁও থানায় একটি প্রতারণা মামলা দায়ের করেন।
মামলা রুজুর পর নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার জনাব মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর নির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) তারেক আল মেহেদী ও “খ” সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার দীপংকর ঘোষের তত্ত্বাবধানে সোনারগাঁও থানা পুলিশের একটি চৌকস দল অভিযানে নামে। তথ্য প্রযুক্তির সহায়তায় ১০ জুলাই বিকেলে গাজীপুরের কালিয়াকৈর থেকে আসামি আল আমিনকে গ্রেফতার করা হয়। তার স্বীকারোক্তি অনুযায়ী, একই দিন রাতে সাভারের আমিন বাজার থেকে আত্মসাৎকৃত ৭১৬ কার্টন সয়াবিন তেল ও ট্রাকটি উদ্ধার করে পুলিশ।
সোনারগাঁও থানার অফিসার ইনচার্জ জনাব গোলাম সারোয়ার জানান, গ্রেফতারকৃত আসামিকে জিজ্ঞাসাবাদের পর আজ আইনানুগ প্রক্রিয়ায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

