আইন-আদালত

সাবেক মন্ত্রী গাজীর এপিএস এমদাদ ঢাকায় গ্রেপ্তার

নারায়ণগঞ্জ প্রতিনিধি : মোঃ রিদয় মল্লিক

সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী এবং নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজীর সাবেক সহকারী একান্ত সচিব (এপিএস) এমদাদুল হককে গ্রেপ্তার করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশ। বৃহস্পতিবার রাজধানীর ফার্মগেট এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে বলে একাধিক সূত্র নিশ্চিত করেছে। রূপগঞ্জে তিনি ‘দাদা এমদাদ’ নামে পরিচিত।

​

​সংশ্লিষ্ট সূত্র ও তদন্তের তথ্য অনুযায়ী, এমদাদুল হকের বিরুদ্ধে অর্থ পাচার, জমি দখল, প্রতারণা, চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডে পৃষ্ঠপোষকতার বিস্তর অভিযোগ রয়েছে। অবৈধ সম্পদ অর্জনের মাধ্যমে তিনি নিজ জেলা সিরাজগঞ্জের শাহজাদপুর ও রাজধানী ঢাকায় বিপুল সম্পদ গড়ে তুলেছেন বলে অভিযোগ রয়েছে।

​আওয়ামী লীগ সরকারের আমলে দীর্ঘদিন গোলাম দস্তগীর গাজীর এপিএস হিসেবে দায়িত্ব পালনকালে রূপগঞ্জে রাজনৈতিক প্রভাব খাটিয়ে জমি দখল, চাঁদাবাজি, প্লট বাণিজ্য ও অপরাধমূলক কর্মকাণ্ডে মদদ দেওয়ার অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে।

​

​৮৭ কোটি টাকার মানিলন্ডারিং মামলা: ২০২৫ সালের ১১ ডিসেম্বর গোলাম দস্তগীর গাজী ও এমদাদুল হকসহ আটজনের বিরুদ্ধে প্রায় ৮৭ কোটি টাকার মানিলন্ডারিংয়ের অভিযোগে রূপগঞ্জ থানায় মামলা করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

​জমি দখলের অনুসন্ধান: সিআইডির অনুসন্ধানে ২০১৫ সালের ১ জানুয়ারি থেকে ২০২৪ সালের ২০ জুলাই পর্যন্ত সংঘবদ্ধভাবে প্রতারণা, চাঁদাবাজি ও ভুয়া দলিল তৈরির মাধ্যমে ১৬ জনের মালিকানাধীন ২ হাজার ৪০১ দশমিক ৪৬ শতাংশ জমি অবৈধভাবে দখল ও হস্তান্তরের অভিযোগ উঠে আসে। এসব জমির সরকারি বাজারমূল্য ৮৬ কোটি ৭৮ লাখ ৮৭ হাজার ৬৪৪ টাকা।

​ভাঙচুর ও লুটপাটের মামলা: এর আগে ২০২৪ সালের আগস্টে রূপগঞ্জে বসতবাড়িতে হামলা, ভাঙচুর, লুটপাট ও গুলিবর্ষণের অভিযোগে গোলাম দস্তগীর গাজী ও এমদাদুল হকসহ ৮৮ জনের বিরুদ্ধে মামলা করেন বাবুল শিকদার নামের এক বিএনপি নেতা। এ ছাড়া চনপাড়া এলাকায় ঘরবাড়ি ভাঙচুর ও লুটপাটের অভিযোগে নূরুন্নাহার বেগম নামের এক নারীর দায়ের করা মামলাতেও এমদাদুল হককে আসামি করা হয়।

Leave a Reply

Back to top button