সারাদেশ

হারিয়ে যাওয়া শিশুকে তার মায়ের কলে ফিরিয়ে দিলেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ট্রাফিক এক্সিকিউটিভ নাজমুল ও আনসার সদস্য

হারিয়ে যাওয়া শিশুকে তার মায়ের কলে ফিরিয়ে দিলেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ট্রাফিক এক্সিকিউটিভ নাজমুল ও আনসার সদস্য

নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়া এলাকার নারায়ণগঞ্জ সরকারি মহিলা কলেজের সামনে থেকে হারিয়ে যাওয়া আনুমানিক ৫-৬ বছরের এক শিশুকে উদ্ধার করে তার পরিবারের কাছে নিরাপদে পৌঁছে দিয়েছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ট্রাফিক এক্সিকিউটিভ নাজমুল ও আনসার সদস্যরা।

‎​জানা যায়, ছোট্ট শিশু আশরাফুল কোনো কারণে তার বাসা থেকে বের হয়ে পথ হারিয়ে ফেলে। সে নারায়ণগঞ্জ সরকারি মহিলা কলেজের সামনে এসে একা দাঁড়িয়ে কান্নাকাটি করছিল। এ সময় সেখানে দায়িত্বরত নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের যানজট নিয়ন্ত্রণ কর্মী নাজমুল ইসলাম এবং আনসার সদস্য ইমরান ও সেলিম শিশুটির কান্নার কারণ জিজ্ঞাসা করেন।

‎​প্রাথমিক জিজ্ঞাসাবাদে শিশুটি জানায় যে সে পথ হারিয়ে ফেলেছে। পরে তার দেওয়া তথ্য অনুযায়ী জানা যায়, তার নাম আশরাফুল, পিতা আহাদ মিয়া, মাতা হেনা বেগম, এবং তাদের বসবাস নারায়ণগঞ্জ সদর উপজেলার মাসদাইর লিচুবাগ এলাকায়। তবে শিশুটি তার বয়স ঠিকমতো বলতে না পারলেও উদ্ধারকারীরা জানান তার বয়স আনুমানিক ৫ থেকে ৬ বছর হবে।

‎​শিশুটির কাছ থেকে তার নাম ও বাসার ঠিকানা শোনার পর নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ট্রাফিক এক্সিকিউটিভ নাজমুল ইসলাম এবং আনসার সদস্য ইমরান ও সেলিম কোনো সময় অপচয় না করে শিশুটির দেওয়া ঠিকানায় খোঁজ নেওয়া শুরু করেন। পরবর্তীতে অত্যন্ত দায়িত্বশীলতার পরিচয় দিয়ে তারা শিশুটিকে মাসদাইর লিচুবাগ এলাকায় তার মা ও পরিবারের অন্য সদস্যদের কাছে নিরাপদে পৌঁছে দেন।

‎​সন্তানকে হারিয়ে পরিবার যখন দিশেহারা, তখন সিটি কর্পোরেশন ও আনসার সদস্যদের এই মানবিক উদ্যোগে শিশুটিকে সুস্থ ও অক্ষত অবস্থায় ফিরে পেয়ে তার মা-বাবা ও এলাকাবাসী অত্যন্ত আনন্দিত এবং সন্তোষ প্রকাশ করেছেন। তারা এই মহৎ কাজের জন্য সংশ্লিষ্টদের প্রতি গভীর কৃতজ্ঞতা জানিয়েছেন।

Leave a Reply

Back to top button