নারায়ণগঞ্জে তিন দিনব্যাপী উন্মেষ’র তিন যুগ পূর্তি উৎসব
নারায়ণগঞ্জে তিন দিনব্যাপী উন্মেষ’র তিন যুগ পূর্তি উৎসব

বাঙালির চিরায়ত সংস্কৃতির উৎকর্ষ সাধনে নিরলসভাবে কাজ করে যাওয়া নারায়ণগঞ্জের অন্যতম শীর্ষস্থানীয় সাংস্কৃতিক সংগঠন ‘উন্মেষ সাংস্কৃতিক সংসদ’ সাফল্যের তিন যুগ (৩৬ বছর) অতিক্রম করেছে। এ উপলক্ষে আগামী ২১, ২২ ও ২৩ মে নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনার এবং আলী আহম্মেদ চুনকা নগর পাঠাগার মিলনায়তনে (৫ম তলা এক্সপেরিমেন্টাল হল) তিন দিনব্যাপী বর্ণাঢ্য ‘তিন যুগ পূর্তি উৎসব’ অনুষ্ঠিত হতে যাচ্ছে।
বুধবার (২০ মে) নারায়ণগঞ্জ প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে উৎসব উদযাপন পরিষদের সদস্য সচিব রকিবুল হাসান জেমস এই তথ্য জানান।
বুধবার (২১ মে) বিকেলে উৎসবের উদ্বোধন করবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের অধ্যাপক এবং ‘স্পর্ধা: ইনডিপেনডেন্ট থিয়েটার কালেক্টিভ’-এর প্রতিষ্ঠাতা সদস্য ড. সৈয়দ জামিল আহমেদ। উদ্বোধনের পর বের হবে বর্ণাঢ্য ‘আনন্দ শোভাযাত্রা’। এরপর উন্মেষ ও আমন্ত্রিত বন্ধু সংগঠনগুলোর পরিবেশনায় থাকবে সঙ্গীত, নৃত্য, আবৃত্তি ও নাটক।
শুক্রবার (২২ মে) বিকেল ৫ টায় গত ১৫ ও ১৬ মে অনুষ্ঠিত সঙ্গীত, আবৃত্তি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হবে। উৎসবের অন্যতম প্রধান আকর্ষণ হিসেবে ২২ মে দেশের প্রথিতযশা লোকসঙ্গীত শিল্পী কাঙালিনী সুফিয়া-কে বিশেষ সংবর্ধনা প্রদান করা হবে।
সংবাদ সম্মেলনে আয়োজকরা বলেন, “আমরা চাই জীবনের পরন্ত বিকেলে পা রাখা এই স্বনামধন্য শিল্পীকে নারায়ণগঞ্জবাসী, ছাত্র-শিক্ষক, সাংবাদিক এবং সকল সামাজিক-সাংস্কৃতিক সংগঠন যেন ফুলেল শুভেচ্ছা জানায়। এই সম্মাননা যেন শুধু উন্মেষের একক আয়োজন না হয়ে, পুরো নারায়ণগঞ্জবাসীর ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটে।”
উল্লেখ্য, এর আগে উন্মেষ ২০২১ সালে টংক আন্দোলনের অন্যতম প্রতীক কুমুদিনী হাজং এবং ২০২২ সালে একুশে পদকপ্রাপ্ত ‘জ্ঞান বিতরণের ফেরিওয়ালা’ খ্যাত পলান সরকারকে নারায়ণগঞ্জবাসীর পক্ষ থেকে এমন গণসংবর্ধনা প্রদান করেছিল।
নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের অন্যতম সদস্য সংগঠন হিসেবে উন্মেষ দীর্ঘদিন ধরে সব অন্যায়-অবিচারের বিরুদ্ধে কাজ করে আসছে। বিরামহীন পথচলার গৌরবের এই তিন যুগ পূর্তি উৎসবে নারায়ণগঞ্জের সাংবাদিক মহল, সুধী সমাজ ও সর্বস্তরের জনগণকে উপস্থিত থেকে উৎসবকে সফল করার আহ্বান জানিয়েছেন উৎসব উদযাপন পরিষদের সদস্য সচিব রকিবুল হাসান জেমস।
এ সময় সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন উন্মেষ সাংস্কৃতিক সংসদের সভাপতি ডঃ ফরহাদ হোসেন জেনিথ,
বিসজিৎ বসাক, নাসিম আফজাল উপদেষ্টা, এড প্রদীপ ঘোষ বাবু প্রমুখ।

