সারাদেশ

ফতুল্লায় অগ্নিকাণ্ডে অসুস্থ শিক্ষার্থীদের খোঁজখবর নিলেন ডা. বিটু

নারায়ণগঞ্জ প্রতিনিধি : মোঃ রিদয় মল্লিক

জাতীয় বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন অগ্নিকাণ্ডে অসুস্থ শিক্ষার্থীদের পাশে ডা. বিটু

 

নারায়ণগঞ্জের ফতুল্লায় জামিয়া আশরাফিয়া মাদ্রাসায় সংঘটিত অগ্নিকাণ্ডের ঘটনায় সৃষ্ট ধোঁয়ায় অসুস্থ হয়ে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন শিক্ষার্থীদের দেখতে আজ হাসপাতালে যান মাননীয় প্রধানমন্ত্রীর সহকারী ব্যক্তিগত চিকিৎসক ডা. আ. ন. ম. মনোয়ারুল কাদির বিটু।

 

এ সময় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ডা. মোহাম্মদ নাসির উদ্দীন উপস্থিত ছিলেন। ডা. বিটু চিকিৎসাধীন শিক্ষার্থীদের শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং তাদের চিকিৎসার অগ্রগতি ও সার্বিক ব্যবস্থাপনা সম্পর্কে সংশ্লিষ্ট চিকিৎসকদের সঙ্গে কথা বলেন। তিনি শিক্ষার্থীদের সর্বোচ্চ ও মানসম্মত চিকিৎসাসেবা নিশ্চিত করার জন্য চিকিৎসকদের প্রতি আহ্বান জানান। পাশাপাশি হাসপাতালে উপস্থিত উদ্বিগ্ন অভিভাবকদের সঙ্গে কথা বলেন এবং শিক্ষার্থীদের সর্বোত্তম চিকিৎসাসেবা নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।

 

উল্লেখ্য, নারায়ণগঞ্জের ফতুল্লায় জামিয়া আশরাফিয়া মাদ্রাসায় অগ্নিকাণ্ডের ঘটনায় সৃষ্ট ধোঁয়ায় অসুস্থ হয়ে মোট ৯৪ জন শিক্ষার্থী জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসা নিতে আসে। তাদের মধ্যে ৮৫ জন চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে। বর্তমানে ৯ জন শিক্ষার্থী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। তাদের মধ্যে দুজন আইসিইউতে চিকিৎসাধীন রয়েছে। এবং আশংকাজনক অবস্থায় লাইফ সাপোর্টে থাকা শিক্ষার্থীর শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় তাকে লাইফ সাপোর্ট থেকে উইনিং (Weaning from Life Support) প্রক্রিয়ার মাধ্যমে সরিয়ে নেওয়া হয়েছে।

 

এ সময় আরও উপস্থিত ছিলেন ইনস্টিটিউটের সহকারী পরিচালক ডা. অভিজিৎ সরকার, ডা. পিয়াস কর্মকার, ডা. মাশকুরুল আলম মিনার, ডা. আফরোজা আক্তার, ডা. আজিজুল শরীফ, ডা. সবুজ আল মাহমুদসহ ইনস্টিটিউটের অন্যান্য চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীবৃন্দ।

 

১২ নভেম্বর, ২০২৬, বৃহস্পতিবার |

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট, ঢাকা |

Leave a Reply

Back to top button