সারাদেশ

শর্টসার্কিট নাকি অন্য কিছু, ফতুল্লার মাদ্রাসায় আগুনের ঘটনায় তদন্ত শুরু

নারায়ণগঞ্জ প্রতিনিধি : মোঃ রিদয় মল্লিক

নারায়ণগঞ্জের ফতুল্লায় জামিয়াতুল আশরাফিয়া মাদ্রাসার পাঁচতলা ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় প্রকৃত কারণ উদ্‌ঘাটনে চার সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন। কমিটিকে আগামী তিন কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

 

মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত মাদ্রাসা ভবন পরিদর্শন শেষে বিষয়টি নিশ্চিত করেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মো. রায়হান কবির। তিনি জানান, আগুন লাগার প্রকৃত কারণ নির্ণয় এবং ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

 

তদন্ত কমিটির প্রধান করা হয়েছে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আলী নুর খানকে। কমিটির অন্য সদস্যরা হলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম ফয়েজ উদ্দিন, ফতুল্লা মডেল থানার একজন পুলিশ কর্মকর্তা এবং ফায়ার সার্ভিসের একজন প্রতিনিধি।

 

কমিটির প্রধান আলী নুর খান জানান, প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করছেন ফায়ার সার্ভিসের সদস্য ও প্রত্যক্ষদর্শীরা। তবে শুধু এই বিষয়টিকে সামনে রেখেই তদন্ত করা হচ্ছে না। অগ্নিকাণ্ডের পেছনে অন্য কোনো কারণ রয়েছে কি না, তাও খতিয়ে দেখা হবে।

 

তিনি আরও জানান, যে কক্ষে প্রথম আগুনের সূত্রপাত হয়, সেখানে কাঠ ও প্লাস্টিকের ইন্টেরিয়র করা ছিল। এসব দাহ্য উপকরণের কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। আগুনের ধোঁয়া পুরো ভবনে ছড়িয়ে পড়ায় বিভিন্ন তলায় থাকা শিক্ষার্থীরা অসুস্থ হয়ে পড়ে। আতঙ্কে নিচে নামতে গিয়ে অনেকে আহত হয়।

 

মাদ্রাসার সহকারী শিক্ষক আজিজুর রহমান জানান, মঙ্গলবার রাত আনুমানিক ২টার দিকে ভবনের দ্বিতীয় তলার লাইব্রেরি কক্ষ থেকে আগুনের সূত্রপাত হয়। ওই সময় শিক্ষার্থীরা ঘুমিয়ে ছিল। অল্প সময়ের মধ্যেই ধোঁয়া পুরো ভবনে ছড়িয়ে পড়লে শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক দেখা দেয়। পরে শিক্ষক ও স্থানীয় বাসিন্দারা দ্রুত এগিয়ে এসে শিক্ষার্থীদের উদ্ধার করে নিরাপদ স্থানে নিয়ে যান।

 

এদিকে অগ্নিকাণ্ডে ভবনের দ্বিতীয় তলায় অবস্থিত লাইব্রেরি ও অফিসকক্ষ সম্পূর্ণ পুড়ে গেছে। এ ঘটনায় আহত এবং ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়া শিক্ষার্থীদের চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

Leave a Reply

Back to top button