সারাদেশ

টেকনাফে যৌথবাহিনীর সঙ্গে মানবপাচারকারীদের গোলাগুলি, আহত সেনাসদস্য

টেকনাফে যৌথবাহিনীর সঙ্গে মানবপাচারকারীদের গোলাগুলি, আহত সেনাসদস্য

কক্সবাজারের টেকনাফে পাহাড়ি এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর যৌথ অভিযানে সন্ত্রাসীদের সঙ্গে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে সেনাবাহিনীর এক সদস্যসহ কয়েকজন আহত হয়েছেন। অভিযানে অস্ত্র উদ্ধার ও কয়েকজনকে আটক করার পাশাপাশি মানবপাচারের শিকার ব্যক্তিদের উদ্ধার করা হয়েছে।

 

বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার হ্নীলা ইউনিয়নের লেদা নুরালীপাড়া রোহিঙ্গা ক্যাম্পের এইচ ব্লকসংলগ্ন পাহাড়ে এ ঘটনা ঘটে।

 

১৬ এপিবিএনের অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মো. কাওসার সিকদার বিষয়টি নিশ্চিত করে জানান, জেলা পুলিশের সঙ্গে যৌথভাবে পাহাড়ি এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানের একপর্যায়ে সন্ত্রাসীদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর গোলাগুলি হয়। এতে সেনাবাহিনীর এক সদস্য আহত হয়েছেন। অভিযানে অস্ত্র উদ্ধার এবং কয়েকজনকে আটক করা হয়েছে। একই সঙ্গে মানবপাচারের শিকার ব্যক্তিদেরও উদ্ধার করা হয়েছে।

 

স্থানীয় সূত্রে জানা গেছে, টেকনাফের বিভিন্ন পাহাড়ে দীর্ঘদিন ধরে দুই শতাধিক মানুষকে মালয়েশিয়ায় পাচারের উদ্দেশ্যে আটকে রেখেছে পাহাড়ি সন্ত্রাসীরা। এসব ব্যক্তিকে উদ্ধারের জন্য আইনশৃঙ্খলা বাহিনী অভিযান শুরু করলে সন্ত্রাসীদের সঙ্গে গোলাগুলির ঘটনা ঘটে। এতে কয়েকজন আহত হন।

 

অভিযান চলাকালে পাহাড়ি এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। স্থানীয় বাসিন্দাদের মধ্যেও ঘটনাটি নিয়ে উদ্বেগ তৈরি হয়।

নুরালীপাড়া পাহাড়সংলগ্ন এলাকার বাসিন্দা নাছিমা আক্তার জানান, বৃহস্পতিবার বিকেলে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সঙ্গে ডাকাত দলের গোলাগুলি হয়েছে। ওই পাহাড়ি এলাকায় মালয়েশিয়ায় পাচারের উদ্দেশ্যে শতাধিক মানুষকে আটকে রাখা হয়েছিল। অভিযান চালিয়ে তাদের উদ্ধার করা হয়েছে বলে তিনি জানান।

 

এদিকে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম অনীক চৌধুরীও লেদার পাহাড়ি এলাকায় গোলাগুলির ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

 

যৌথ অভিযানে মানবপাচারের শিকার ব্যক্তিদের উদ্ধার, অস্ত্র জব্দ এবং কয়েকজনকে আটকের বিষয়টি নিশ্চিত করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

 

এদিকে আইএসপিআর রাতে এক বিজ্ঞপ্তিতে জানায়, সেনাবাহিনী, বিজিবি ও পুলিশের যৌথ অভিযানে টেকনাফে মানবপাচার চক্রের সঙ্গে গুলি বিনিময়ে একজন সেনা সদস্য আহত হয়েছে, ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। উদ্ধার করা হয়েছে ৫৭ জনকে।

 

Leave a Reply

Back to top button