অপরাধ

নারায়ণগঞ্জে উদ্ধার ১টি বিদেশী পিস্তল ও ৭ রাউন্ড গুলি: গ্রেফতার ১

নারায়ণগঞ্জ প্রতিনিধি : মোঃ রিদয় মল্লিক

নারায়ণগঞ্জে সদর মডেল থানা পুলিশের এক বিশেষ অভিযানে একটি বিদেশী পিস্তল ও সাত রাউন্ড তাজা গুলিসহ মোজাম্মেল হক রাজন (৩৯) নামে এক দুষ্কৃতিকারীকে গ্রেফতার করা হয়েছে।

​পুলিশ সূত্রে জানা গেছে, নারায়ণগঞ্জের পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমান, পিপিএম-এর নির্দেশে জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে সদর মডেল থানাধীন এলাকায় অভিযান পরিচালনা করা হয়।

​এরই ধারাবাহিকতায় ৪ নভেম্বর (২০২৬) রাত আনুমানিক ৯টা ১০ মিনিটের দিকে নারায়ণগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ সাজেদুর রহমানের তত্ত্বাবধানে এসআই (নিরস্ত্র) সাদ্দাম মল্লিকসহ একদল পুলিশ সদস্য অভিযান চালান। গোপন সংবাদের ভিত্তিতে থানাধীন ১নং বাবুরাইল এলাকার মোবারকশাহ রোডস্থ বায়তুল ওয়াসিত জামে মসজিদের বিপরীতে বণি মিয়ার টিনশেড বাড়ীর মোজাম্মেল হক রাজনের বসতঘরে এ অভিযান পরিচালনা করা হয়।

​অভিযানকালে রাজনের ঘর থেকে গায়ে ‘MADE IN USA’ খোদাই করা ১টি ম্যাগাজিনযুক্ত বিদেশী পিস্তল এবং ৭ রাউন্ড তাজা গুলি জব্দ করা হয়। গ্রেফতারকৃত রাজন ১নং বাবুরাইল ঋষিবাড়ী সংলগ্ন গণি মিয়ার বাড়ির ভাড়াটিয়া মো: সিরাজ মিয়া ও হালিমা বেগমের ছেলে।

​পুলিশ জানায়, গ্রেফতারকৃত রাজনের বিরুদ্ধে হত্যা মামলাসহ পূর্বের আরও তিনটি মামলা আদালতে বিচারাধীন রয়েছে। এই ঘটনায় তার বিরুদ্ধে অস্ত্র আইনে নতুন করে নিয়মিত মামলা দায়েরপূর্বক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

Leave a Reply

Back to top button