ফতুল্লার পাগলায় ডিবির অভিযান, গাঁজা ও ইয়াবাসহ গ্রেপ্তার ২
নারায়ণগঞ্জ প্রতিনিধি : মোঃ রিদয় মল্লিক

নারায়ণগঞ্জের ফতুল্লার পাগলা এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ১০ কেজি ৪০০ গ্রাম গাঁজা ও ৫৫৬ পিস ইয়াবাসহ দুইজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। বুধবার (১১ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে পাগলা ধোপাতিতা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
জেলা পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, নারায়ণগঞ্জের পুলিশ সুপার মো. হাবিবুর রহমান, পিপিএমের নির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) মো. হাসিনুজ্জামানের তত্ত্বাবধানে এ অভিযান পরিচালিত হয়। পুলিশ পরিদর্শক নজরুল ইসলামের নেতৃত্বে ডিবি ‘ক’ জোনের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে মিঠুন ও রাব্বি নামের দুই মাদক কারবারির আস্তানায় অভিযান চালায়।
অভিযানে তাঁদের দুই সহযোগীকে মাদকসহ গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন আঃ রহমান (২৬) ও মুনসুর (২০)। তাঁরা দুজনই পটুয়াখালী সদর উপজেলার বাসিন্দা এবং বর্তমানে ফতুল্লার পাগলা ধোপাতিতা এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন।
পুলিশ জানায়, অভিযানে তাঁদের কাছ থেকে ১০ কেজি ৪০০ গ্রাম গাঁজা ও ৫৫৬ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মিঠুন ও রাব্বিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
উদ্ধার করা মাদকদ্রব্যের ঘটনায় ফতুল্লা থানায় নিয়মিত মামলা করা হয়েছে। গ্রেপ্তার দুজনকে আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

