আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে নারায়ণগঞ্জে সেনা মোতায়েন
আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে নারায়ণগঞ্জে সেনা মোতায়েন

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে শিল্পাঞ্চল নারায়ণগঞ্জসহ দেশের ছয় জেলায় সেনাবাহিনী মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এর ধারাবাহিকতায় জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে সেনা সদস্যরা সতর্ক অবস্থান করবেন বলে জানিয়েছেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো. রায়হান কবির।
সোমবার (২২ জুন) বিকেলে এ বিষয়টি নিশ্চিত করেছেন জেলা প্রশাসক। তবে নারায়ণগঞ্জে কত প্ল্যাটুন সেনাসদস্য মাঠে থাকবেন, সে বিষয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, প্রাথমিকভাবে নারায়ণগঞ্জ, ঢাকা, গাজীপুর, ফরিদপুর, গোপালগঞ্জ ও চট্টগ্রাম জেলায় সেনা মোতায়েনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী জানান, কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে নারায়ণগঞ্জের বিভিন্ন স্থানে বেআইনি মিছিল, শোডাউন ও অন্যান্য কর্মসূচির মাধ্যমে নাশকতা এবং বিশৃঙ্খলা সৃষ্টির আশঙ্কা রয়েছে। এর ফলে জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং জানমালের ক্ষয়ক্ষতি সম্ভাবনা রয়েছে। সেটি মোকাবিলা করতে জেলা পুলিশের পাশাপাশি সেনা সদস্যরাও মাঠে কাজ করবে।

