রাজনীতি

সরকার ও সংসদ টিকিয়ে রাখতে সবাইকে সহযোগিতার আহ্বান এমপি আবুল কালামের

সরকার ও সংসদ টিকিয়ে রাখতে সবাইকে সহযোগিতার আহ্বান এমপি আবুল কালামের

নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম বলেছেন, বর্তমান সরকার কঠিন সময় পার হয়ে দায়িত্বে এসেছে। এই সরকার ও সংসদকে টিকিয়ে রাখতে সবাইকে সহযোগিতা করতে হবে।

শনিবার (২৯ আগস্ট) দুপুরে বাংলাদেশ জুলাই যোদ্ধা সংসদ আয়োজিত ‘২০২৪ সালের গণঅভ্যুত্থানের গণআকাঙ্ক্ষা বাস্তবায়ন’ শীর্ষক আলোচনা সভায় বক্তব্যকালে তিনি এসব কথা বলেন।

আবুল কালাম বলেন, ‘আমাদের খেয়াল রাখতে হবে, এই সংসদ ও সরকারকে টিকে থাকতে হবে। টিকে থাকতে না পারলে কিন্তু আমাদের আগের যাত্রায় ফিরে যেতে হবে। তাই এই সরকারকে সহযোগিতা করতে হবে। বিরোধী দলের নেতাদের বলব, আসুন আমাদের পায়ের নিচের মাটিটা একটু শক্ত করি।’

তিনি বলেন, ‘এটা ছয় মাসের সরকার। দেশের বিদ্যমান সমস্যাগুলো ছয় মাসের সরকারের সৃষ্টি নয়। তবে এসব সমস্যা সমাধানের জন্য সরকারকে সময় দিতে হবে।’

জুলাই গণঅভ্যুত্থান প্রসঙ্গে তিনি বলেন, ‘১৯৭১ সালে আমরা স্বাধীনতা দেখেছি। এখানে সবাই বলেছেন, জুলাই আমাদের দ্বিতীয় স্বাধীনতা। আর আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি, এটা আমাদের একটি নাজাতের দিন। কারণ ২০০৬ সালের পর থেকে সর্বশেষ জাতীয় সংসদ নির্বাচনের আগে পর্যন্ত আমরা একটি দুঃসহ সময়ের মধ্যে ছিলাম।’

তিনি আরও বলেন, ‘এখন আমাদের মধ্যে রাজনৈতিকভাবে ভিন্নমত আছে, তবে দেশের স্বার্থে আমরা সবাই এক।’

আলোচনা সভায় নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মাশুকুল ইসলাম রাজিব, মহানগর জামায়াতে ইসলামীর আমির মাওলানা আব্দুল জব্বার, জেলা যুবদল সদস্য সচিব মশিউর রহমান রনি, ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের সভাপতি মাওলানা মাসুম বিল্লাহসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Back to top button