
ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ জনাব মোহাম্মদ মাহবুব আলম-এর প্রত্যক্ষ তত্ত্বাবধানে মাদক বিরোধী এক সফল অভিযান পরিচালিত হয়েছে। ফতুল্লা মডেল থানার পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) জনাব মোঃ আজিজুর রহমান (অপস)-এর নেতৃত্বে একটি চৌকস আভিযানিক দল গত ২৩ মে, ২০২৬ খ্রিঃ তারিখ ভোর ০৪:২০ ঘটিকার সময় ফতুল্লা থানাধীন দেওভোগ মাদ্রাসা সংলগ্ন ভূঁইয়া সিটি এলাকার এলান সাহেবের বাড়ির ২য় তলার একটি ভাড়াটিয়া বাসায় অভিযান পরিচালনা করে ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করতে সক্ষম হয়।
ধৃত আসামির নাম আব্দুল্লাহ (৩২), পিতা- মোঃ দেলোয়ার হোসেন, মাতা- মৃত পারভীন বেগম, সাং- মধ্যনগর বক্তাবলী, বর্তমানে- দেওভোগ মাদ্রাসা সংলগ্ন ভূঁইয়া সিটি (এলান সাহেবের বাড়ির ভাড়াটিয়া), থানা- ফতুল্লা, জেলা- নারায়ণগঞ্জ। গ্রেফতারের সময় আসামির হেফাজত হতে মোট ৪৫০ (চারশত পঞ্চাশ) পিস অবৈধ ইয়াবা ট্যাবলেট (যার ওজন ৪৫ গ্রাম) এবং মাদক কেনাবেচায় ব্যবহৃত ০৩টি অ্যান্ড্রেয়েড মোবাইল ফোন উদ্ধারপূর্বক জব্দ তালিকা মূলে জব্দ করা হয়।
প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, গ্রেফতারকৃত আসামি আব্দুল্লাহ একজন পেশাদার অপরাধী এবং তার বিরুদ্ধে পূর্বে থেকেই ফতুল্লা থানায় হত্যা, অস্ত্র, দস্যুতা ও চাঁদাবাজির একাধিক মামলা রয়েছে। এই ঘটনায় ধৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা রুজু করে তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। মাদকসহ যেকোনো অপরাধ দমনে ফতুল্লা মডেল থানা পুলিশের এই রূপ কঠোর ও বিশেষ অভিযান সর্বদা অব্যাহত থাকবে।

