বিবিধ

থানায় মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছাড়লেন তল্লার যুবক

থানায় মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছাড়লেন তল্লার যুবক

স্বাভাবিক জীবনে ফিরে আসতে স্বেচ্ছায় মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছাড়ার অঙ্গীকার করেছেন নারায়ণগঞ্জের তল্লা এলাকার মাদক কারবারি বিপ্লব হোসেন পায়েল। তিনি খানপুর দক্ষিণ তল্লা এলাকার খুচরা একজন মাদক কারবারি ছিলেন। তার বিরুদ্ধে থানায় ৩টি মাদক মামলা রয়েছে।

 

শনিবার (১৬ই মে) বিকেলে খানপুর তল্লা এলাকার স্থানীয় সমাজ সেবক ও গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুর রহমানের নিকট মুচলেকা দিয়ে তিনি মাদক ব্যবসা ছাড়ার অঙ্গীকার ব্যক্ত করেন।

 

সদর থানার খানপুর তল্লা এলাকার মোঃ রবিউলের পুত্র বিপ্লব হোসেন পায়েল দক্ষিণ তল্লার মাদক ব্যবসায়ীদের সাথে খুচরা মাদক ব্যবসায় জড়িয়ে পড়েন। তার অতীত জীবন থেকে স্বাভাবিক জীবনে ফিরে আসতেই তিনি এই মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছাড়ার ঘোষণা করেন।

 

মাদক ছেড়ে স্বাভাবিক জীবনে ফেরার শপথ গ্রহণ শেষে মাদক ব্যবসায়ী বিপ্লব হোসেন পায়েল বলেন, “এত দিন আমি অন্ধকার জগতে ছিলাম। হাজার হাজার টাকা কামালেও রাতে ঘরে ঘুমাতে পারতাম না। এখন সব ছেড়ে দিয়ে পরিবার নিয়ে শান্তিতে ঘুমাতে চাই। এই পথ ছেড়ে দিয়ে ভালো মানুষ হয়ে সমাজে মিশতে চাই। পুলিশ প্রশাসনের কাছে আমার দাবি, আমার নামে থাকা মামলাগুলো প্রত্যাহার করে যেন তারা আমাকে স্বাভাবিক জীবনযাপনের সুযোগ করে দেয়।”

 

যেকোনো মূল্যে মাদক নির্মূল করার অঙ্গীকার ব্যক্ত করে সদর মডেল থানার ওসি সাজেদুর রহমান বলেন, “মাদক নির্মূল করতে সরকার নানা উদ্যোগ নিয়েছে।মাদক বিক্রয়টা বন্ধ করতে হবে। যদি বিক্রি না করতে পারে তাহলে সেবন করতে পারবে না। আর কারা কারা মাদক বিক্রি করে, এটা সবাই জানে। তাদের তালিকা তৈরি করে ইতিমধ্যে গ্রেপ্তার শুরু হয়েছে। যাঁরা মাদক ব্যবসা ছেড়ে ভালো হতে চান, তাঁদের সব ধরনের সহযোগিতা করা হবে।”

 

সদর মডেল থানার ওসি আরও বলেন, “যারা ভালো জীবন যাপন করতে চান—আমরা অভিনন্দন জানাব এবং তাঁদের নজরদারীতে রাখবো। আপনারা মাদক ছেড়ে সুস্থ জীবনে ফিরে আসুন। আপনাদের সব ধরনের আইনি সহায়তা দেয়া হবে। এই সদর থানা এলাকায় মাদককে যেভাবেই হোক রোধ করতে হবে।”

Leave a Reply

Back to top button