অপরাধ

নারায়ণগঞ্জে বিকাশ ব্যবসায়ী হত্যা: রহস্য উন্মোচন, মূল পরিকল্পনাকারীসহ গ্রেফতার ৩

নারায়ণগঞ্জে বিকাশ ব্যবসায়ী হত্যা: রহস্য উন্মোচন, মূল পরিকল্পনাকারীসহ গ্রেফতার ৩

নারায়ণগঞ্জের ফতুল্লায় বিকাশ ব্যবসায়ী মোতালেব হোসেন (৬১) হত্যাকাণ্ডের রহস্য ২৪ ঘণ্টার মধ্যে উন্মোচন করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ। চাঞ্চল্যকর এই হত্যাকাণ্ডের ঘটনায় মূল পরিকল্পনাকারী মোঃ জাকির হোসেনসহ মোট তিনজনকে গ্রেফতার করা হয়েছে। উদ্ধার করা হয়েছে হত্যাকাণ্ডে ব্যবহৃত অটোরিকশা, ভিকটিমের মোবাইল ফোন, নগদ ৮৬ হাজার টাকা এবং ভিকটিমের ব্যক্তিগত মালামাল।

শুক্রবার (৩ জুলাই) সকালে এক প্রেস ব্রিফিংয়ে বিষয়টি নিশ্চিত করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ।

গত ১ জুলাই সকাল ৮টার দিকে মাসদাইর বাজারের ‘সুমাইয়া টেলিকম’-এর ব্যবসায়ী মোতালেব হোসেন বাসা থেকে বের হয়ে নিখোঁজ হন। নিখোঁজের ঘটনায় পরিবার ফতুল্লা মডেল থানায় একটি জিডি করে। এর পরদিন ২ জুলাই ভোরে জামতলা এলাকার প্যারিসবাগ গেট সংলগ্ন সড়ক থেকে তোষকে মোড়ানো অবস্থায় মোতালেবের মরদেহ উদ্ধার করে পুলিশ। মরদেহে একাধিক আঘাতের চিহ্ন ছিল।

পুলিশ জানায়, হত্যাকাণ্ডের মূল হোতা মোঃ জাকির হোসেন ভিকটিম মোতালেবের কাছে ২০ হাজার টাকা ধার চেয়েছিলেন। মোতালেব টাকা দিতে অস্বীকৃতি জানালে এবং জাকিরকে চড়-থাপ্পড় মারলে ক্ষিপ্ত হয়ে ওঠেন তিনি। এরপরই জাকির ও তার সহযোগীরা পূর্বপরিকল্পিতভাবে মোতালেবকে হত্যার ছক কষে। উদ্দেশ্য ছিল মোতালেবকে সরিয়ে তার বিকাশ অ্যাকাউন্টের টাকা হাতিয়ে নেওয়া। হত্যার পর মরদেহ গুম করার উদ্দেশ্যে অটোরিকশায় করে জামতলা এলাকায় ফেলে রাখা হয়।

​গ্রেফতারকৃতরা হলেন:

১. মোঃ জাকির হোসেন (৪৭), মূল পরিকল্পনাকারী।

২. মোঃ ওমর ফারুক (২২)।

৩. মোঃ সোহেল (৫১)।

তথ্যপ্রযুক্তির ব্যবহার, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পুলিশ এই অভিযান পরিচালনা করে। ২ জুলাই রাতে ওমর ফারুক ও সোহেলকে এবং ৩ জুলাই ভোরে মূল হোতা জাকির হোসেনকে বন্দর থানার ছেলসারদি এলাকা থেকে গ্রেফতার করা হয়।

​পুলিশ তাদের কাছ থেকে ভিকটিমের ব্যবহৃত চারটি মোবাইল ফোন, নগদ ৮৬ হাজার টাকা, ইসলামী ব্যাংকের চেক বই ও ভিসা কার্ড, টিফিন ক্যারিয়ার এবং হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি ব্যাটারিচালিত অটোরিকশা উদ্ধার করেছে।

পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃতদের মধ্যে মূল পরিকল্পনাকারী মোঃ জাকির হোসেন আদালতে হত্যাকাণ্ডের দায় স্বীকার করে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Leave a Reply

Back to top button