ইসদাইরে পুলিশের সঙ্গে গোলাগুলি, বিদেশি পিস্তলসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
ইসদাইরে পুলিশের সঙ্গে গোলাগুলি, বিদেশি পিস্তলসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

নারায়ণগঞ্জের ফতুল্লায় অস্ত্রধারী ও মাদক ব্যবসায়ীদের একটি চক্রের সাথে পুলিশের গোলাগুলির ঘটনা ঘটেছে। এ সময় ১টি বিদেশি পিস্তল ও ম্যাগাজিনসহ দুই অস্ত্রধারীকে গ্রেফতার করেছে ফতুল্লা থানা পুলিশ।
শনিবার (১৫ আগস্ট) দুপুর আনুমানিক সোয়া তিনটায় ফতুল্লা থানাধীন ইসদাইর রেলস্টেশনের পাশে আরবান স্কুলের সামনে এই চাঞ্চল্যকর ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ফতুল্লা থানা পুলিশের একটি আভিযানিক দল মাদক ব্যবসায়ী ও অস্ত্রধারীদের গ্রেফতারে অভিযান চালায়। এ সময় ৭-৮ জন মাদক ব্যবসায়ী পুলিশের উপস্থিতি টের পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে লক্ষ্য করে কয়েক রাউন্ড পিস্তলের গুলি ছোড়ে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এবং আত্মরক্ষার্থে পুলিশের আভিযানিক দলের এসআই (নিঃ) মো. রফিক, পিপিএম এবং এসআই (নিঃ) নন্দন চন্দ্র সরকার তাদের সরকারি অস্ত্র দিয়ে ৮ রাউন্ড পাল্টা গুলি ছুড়েন।
উভয়পক্ষের এই সংঘর্ষে অস্ত্রধারী জসিম (২৪) তার উরুতে গুলিবিদ্ধ হন। এছাড়া এই ঘটনায় তিন জন পুলিশ সদস্যসহ মোট পাঁচজন আহত হন। পরবর্তীতে আহতদের উদ্ধার করে দ্রুত চিকিৎসার জন্য খানপুর হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তারা সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
১. জসিম (২৪), পিতা- রেজ্জাক, সাং- ইসদাইর, থানা- ফতুল্লা, জেলা- নারায়ণগঞ্জ (গুলিবিদ্ধ)। ২. মোহন (২৩), পিতা- আব্দুস সালাম, সাং- ইসদাইর, থানা- ফতুল্লা, জেলা- নারায়ণগঞ্জ।
পুলিশের ওপর হামলা ও অস্ত্র উদ্ধারের ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

