বাংলাদেশ পুলিশ মেধাবৃত্তি ২০২৪ ও ২০২৫ প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত
বাংলাদেশ পুলিশ মেধাবৃত্তি ২০২৪ ও ২০২৫ প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত

নারায়ণগঞ্জ জেলায় কর্মরত পুলিশ সদস্যদের মেধাবী সন্তানদের সংবর্ধনা ও মেধাবৃত্তি প্রদান করা হয়েছে। আজ ০৭ অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দ (বুধবার) বিকেল ৫:০০ ঘটিকায় পুলিশ সুপার কার্যালয়ের কনফারেন্স রুমে ২০২৪ সালে এসএসসি এবং ২০২৫ সালে এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ২১ জন কৃতী শিক্ষার্থীকে এই সংবর্ধনা প্রদান করা হয়।
বাংলাদেশ পুলিশ কল্যাণ ট্রাস্টের পক্ষ থেকে আয়োজিত এই অনুষ্ঠানে কৃতী শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেস্ট, নগদ সম্মানী অর্থ ও সার্টিফিকেট তুলে দেওয়া হয়। নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার জনাব মোঃ হাবিবুর রহমান, পিপিএম-সেবা মহোদয়ের পক্ষে ২১ জন শিক্ষার্থীর হাতে এই পুরস্কার তুলে দেন অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) জনাব তাসমিন আক্তার, পিপিএম।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত পুলিশ সুপার জনাব তাসমিন আক্তার, পিপিএম শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, “পাঠ্য বইয়ের জ্ঞানের পাশাপাশি নৈতিক শিক্ষা অর্জন করতে হবে। বড়দের শ্রদ্ধা ও ছোটদের স্নেহ করতে হবে। খারাপ ও দুষ্ট প্রকৃতির বন্ধুদের সঙ্গ ত্যাগ করতে হবে। মোবাইলে আসক্ত হয়ে সময় অপচয় করা যাবে না। মাদক ও কিশোর গ্যাংদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। নিজের জীবন লক্ষ্য (Aim in Life) ঠিক করে সেভাবে নিজেকে গড়ে তুলতে হবে।”
অনুষ্ঠানে কৃতী শিক্ষার্থীদের অভিভাবকবৃন্দ এবং জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। আনন্দঘন ও অনুপ্রেরণাদায়ী এই আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীদের আগামী দিনের পথচলা আরও সুগম ও উৎসাহিত হবে বলে আশা প্রকাশ করেন উপস্থিত অতিথিরা।

