মিস ইউনিভার্সের মুকুট জিতলেন জেনিফার, কোন দেশের এই সুন্দরী
মিস ইউনিভার্সের মুকুট উঠল জেনিফারের মাথায়

বিশ্বমঞ্চে সৌন্দর্য, আত্মবিশ্বাস ও প্রতিভার লড়াইয়ে সেরার মুকুট জিতেছেন পুয়ের্তো রিকোর প্রতিনিধি জেনিফার ব্যারেটো। ১১৬ প্রতিযোগীকে পেছনে ফেলে ৭৫তম মিস ইউনিভার্সের খেতাব অর্জন করেছেন তিনি। অন্যদিকে, সেরা পাঁচে জায়গা করে নিয়ে তৃতীয় রানারআপ হয়েছেন ফিলিপাইনের প্রতিনিধি বিয়া মিলান-উইন্ডরস্কি।
মঙ্গলবার (২৪ নভেম্বর) পুয়ের্তো রিকোর রাজধানী সান হুয়ানে স্থানীয় সময় রাত ৮টায় শুরু হয় মিস ইউনিভার্সের ৭৫তম আসরের গ্র্যান্ড ফিনালে। বাংলাদেশ সময় বুধবার (২৫ নভেম্বর) সকাল ৬টায় শুরু হওয়া এ প্রতিযোগিতায় বিশ্বের বিভিন্ন দেশ ও অঞ্চল থেকে অংশ নেন ১১৬ প্রতিযোগী।
প্রতিযোগিতার বিভিন্ন ধাপ পেরিয়ে শেষ পর্যন্ত সেরা পাঁচে জায়গা করে নেন ফিলিপাইন, নিউজিল্যান্ড, ভেনেজুয়েলা, ডোমিনিকান রিপাবলিক ও স্বাগতিক পুয়ের্তো রিকোর প্রতিনিধিরা।
চূড়ান্ত পর্বে বিচারকদের প্রশ্নের উত্তর, আত্মবিশ্বাস ও মঞ্চে উপস্থিতির মাধ্যমে নিজেদের যোগ্যতা তুলে ধরেন প্রতিযোগীরা। সব ধাপ শেষে বিচারকদের রায়ে সেরা নির্বাচিত হন পুয়ের্তো রিকোর জেনিফার ব্যারেটো। নিজের দেশের মাটিতে বিশ্বসুন্দরীর মুকুট জিতে আনন্দে ভাসেন তিনি।
এবারের আসরে প্রথম রানারআপ হয়েছেন ডোমিনিকান রিপাবলিকের মেলিসা নুনিয়েজ। দ্বিতীয় রানারআপ হয়েছেন ভেনেজুয়েলার ক্লারা ভেগাস। তৃতীয় রানারআপের খেতাব পেয়েছেন ফিলিপাইনের বিয়া মিলান-উইন্ডরস্কি। আর চতুর্থ রানারআপ হয়েছেন নিউজিল্যান্ডের জর্জিয়া ওয়াডিংটন।
প্রশ্নোত্তর পর্বেও নজর কেড়েছেন বিয়া। ৭৫ বছর পরও মিস ইউনিভার্স প্রতিযোগিতাকে কীভাবে ভবিষ্যৎ প্রজন্মের কাছে প্রাসঙ্গিক করে তোলা যায়—বিচারকদের এমন প্রশ্নের উত্তরে নারীদের অতীতের অর্জন, বর্তমান অবস্থান ও ভবিষ্যৎ সম্ভাবনার কথা তুলে ধরেন তিনি। পাশাপাশি জলবায়ু পরিবর্তনের কারণে বাস্তুচ্যুত মানুষ ও বিশ্বের ঝুঁকিতে থাকা জনগোষ্ঠীর অধিকার প্রতিষ্ঠায় জাতিসংঘের সঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেন এই প্রতিযোগী।
মিস ইউনিভার্স প্রতিযোগিতায় ২০২৩ সালে নিয়ম পরিবর্তন করে বিবাহিত নারী ও মায়েদের অংশগ্রহণের সুযোগ দেওয়া হয়। সেই সুযোগ কাজে লাগিয়ে এবার শিরোপা জিতে নতুন ইতিহাস গড়লেন জেনিফার।
তিনি জ্যঁ কার্লোস ব্যারেতোর স্ত্রী এবং সাত বছর বয়সী এক কন্যাসন্তানের মা। তার মেয়ের নাম পেনেলোপে। প্রতিযোগিতার পুরো যাত্রায় স্বামী ও মেয়ের সমর্থন পেয়েছেন তিনি।
চূড়ান্ত পর্বে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) বিস্তারের যুগে মানুষের কোন মূল্যবোধটি সবচেয়ে বেশি ধরে রাখা জরুরি- এমন প্রশ্নের উত্তরে জেনিফার বলেন, প্রযুক্তির ব্যবহার হতে হবে দায়িত্বশীলভাবে। তবে প্রযুক্তির অগ্রগতির মধ্যেও মানুষের নিজস্ব মূল্যবোধ ও নীতিতে অটল থাকা প্রয়োজন।
নেতৃত্বের বিষয়ে আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, বর্তমান বিশ্বে পেশাদারত্ব, সহমর্মিতা এবং মানুষের প্রয়োজন বোঝার সক্ষমতাসম্পন্ন নেতৃত্ব সবচেয়ে বেশি প্রয়োজন।
সৌন্দর্য প্রতিযোগিতায় অংশ নেওয়ার আগে থেকেই মানসিক স্বাস্থ্য ও সামাজিক উন্নয়ন নিয়ে কাজ করে আসছেন জেনিফার। যুক্তরাষ্ট্রের কেনটাকি থেকে মনোবিজ্ঞানে স্নাতক সম্পন্ন করেন তিনি। পরে মনোবিজ্ঞান ও সমাজকর্মে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।
২০২১ সালে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর ফ্যামিলি অ্যাডভোকেসি প্রোগ্রামে কাজ শুরু করেন তিনি। পারিবারিক সহিংসতা ও শিশু নির্যাতনের শিকার সামরিক পরিবারের সদস্যদের সহায়তা এবং মানসিক স্বাস্থ্যসেবা নিয়ে কাজ করেছেন।
মিস ইউনিভার্সের মঞ্চকে কাজে লাগিয়ে নারীদের মানসিক স্বাস্থ্য, পারিবারিক সুস্থতা এবং সামাজিক সচেতনতা নিয়ে কাজ করার প্রত্যাশা জানিয়েছেন জেনিফার।
জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় অংশ নেওয়ার আগে র্যাম্পে হাঁটার কোনো অভিজ্ঞতাই ছিল না তার। চলতি বছরের ফেব্রুয়ারিতে প্রথমবারের মতো র্যাম্পে হাঁটেন তিনি। এরপর অল্প সময়ের প্রস্তুতিতে জাতীয় পর্যায়ের শিরোপা জিতে বিশ্বমঞ্চে পুয়ের্তো রিকোর প্রতিনিধিত্ব করেন।
উল্লেখ্য, মিস ইউনিভার্সের ৭৫ বছর পূর্তি উপলক্ষে এবারের আসরটি বিশেষভাবে আয়োজন করা হয়। এই আয়োজনের জন্য তৈরি নতুন মুকুটটির নাম ‘দ্য রেডিয়েন্স অব অ্যান ইটারনাল লিগ্যাসি’। এতে ১৮ ক্যারেট সাদা সোনার ওপর বসানো হয়েছে ৩ হাজার ১৫০টি হীরা।
উল্লেখ্য, ফিলিপাইন এর আগে চারবার মিস ইউনিভার্সের মুকুট জিতেছে। সর্বশেষ ২০১৮ সালে দেশটির হয়ে এই খেতাব অর্জন করেন ক্যাটরিওনা গ্রে। এবারের আসরে বিয়ার তৃতীয় রানারআপ হওয়ার মধ্য দিয়ে পঞ্চমবারের মতো মুকুট জয়ের অপেক্ষা আরও দীর্ঘ হলো দেশটির।

