
নারায়ণগঞ্জে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি আপত্তিকর ভিডিওকে সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট দাবি করে এর তীব্র প্রতিবাদ জানিয়েছেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলা শাখার আহ্বায়ক মাওলানা ফেরদাউসুর রহমান। তাঁর অভিযোগ, রাজনৈতিক ও সামাজিক প্রতিপক্ষ তাঁকে সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করতে পরিকল্পিতভাবে ভিডিওটি ছড়িয়ে দিয়েছে।
শুক্রবার (১৩ নভেম্বর) নারায়ণগঞ্জ প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি এসব কথা বলেন।
লিখিত বক্তব্যে ফেরদাউসুর রহমান বলেন, “আমার রাজনৈতিক ও সামাজিক প্রতিপক্ষ আমাকে হেয়প্রতিপন্ন করার জন্য ভিডিওটি ভাইরাল করেছে। এটি সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। আপনারা লক্ষ্য করে থাকবেন, বিভিন্ন সময়ে একটি বিশেষ মহল আমার বিরুদ্ধে প্রতিনিয়ত মিথ্যা ও বানোয়াট অপপ্রচার চালিয়ে আসছে।”
তিনি আরও বলেন, একটি মহল দীর্ঘদিন ধরে তাঁর রাজনৈতিক, সামাজিক ও সাংগঠনিক অবস্থানকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছে। বিভিন্ন সময়ে নানা ধরনের অপপ্রচার চালিয়ে তাঁর ভাবমূর্তি ক্ষুণ্ন করার অপচেষ্টা করা হয়েছে। সাম্প্রতিক ভিডিওটি সেই ধারাবাহিক অপপ্রচারেরই অংশ বলে তিনি মনে করেন।
ফেরদাউসুর রহমান বলেন, কোনো ধরনের যাচাই-বাছাই ছাড়াই সামাজিক যোগাযোগমাধ্যমে এমন ভিডিও ছড়িয়ে দিয়ে একজন ব্যক্তির সম্মান ও সামাজিক মর্যাদা ক্ষুণ্ন করা হচ্ছে। এ ধরনের অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার জন্য তিনি সাংবাদিক, শুভাকাঙ্ক্ষী ও সর্বস্তরের মানুষের প্রতি আহ্বান জানান।
তিনি বিষয়টি নিরপেক্ষভাবে যাচাই করার পাশাপাশি ভিডিওটি ছড়ানোর পেছনে কারা জড়িত, তা খুঁজে বের করার দাবি জানান।
সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, সত্য উদ্ঘাটনের স্বার্থে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে তিনি প্রস্তুত রয়েছেন। একই সঙ্গে উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার বন্ধে সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন।

