সারাদেশ

নুসরাতের বাড়িতে শর্টসার্কিট থেকে আগুন লাগেনি

নুসরাতের বাড়িতে শর্টসার্কিট থেকে আগুন লাগেনি

কুষ্টিয়ার দৌলতপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সংরক্ষিত আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের গ্রামের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় বৈদ্যুতিক শর্টসার্কিটের কোনো আলামত পাওয়া যায়নি বলে জানিয়েছেন কুষ্টিয়া পল্লী বিদ্যুৎ সমিতির প্রাগপুর সাব-জোনাল অফিসের এজিএম মো. তোজাম্মেল হক।

শুক্রবার (১৩ নভেম্বর) বিকেলে তোজাম্মেল হক বলেন, ১১ তারিখ দিবাগত রাত ১২টার দিকে অগ্নিকাণ্ডের খবর পেয়ে আমাদের অভিযোগ কেন্দ্র থেকে তাৎক্ষণিকভাবে ওই এলাকার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। পরে আমাদের দুজন লাইনম্যান ঘটনাস্থলে গিয়ে বিদ্যুৎ লাইন নিরাপদ করেন এবং অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ভবনের ব্যবহৃত মিটার ও বৈদ্যুতিক তার উদ্ধার করেন।

 

উদ্ধার করা আলামত পরীক্ষা করে দেখা যায়, মিটারে সংযুক্ত চারটি তার অক্ষত রয়েছে। আগুনে শুধু মিটারের প্লাস্টিকের কভার পুড়েছে। ভেতরের সার্কিটও অক্ষত অবস্থায় পাওয়া গেছে। এছাড়া গ্রাহক প্রান্তের মেইন সুইচের কাটআউটে থাকা ফিউজ, ট্রান্সফরমারের ফিউজ এবং বিদ্যুৎ সংযোগের সার্ভিস ড্রপ তারেও কোনো ক্ষয়ক্ষতি বা বিচ্ছিন্ন হওয়ার চিহ্ন পাওয়া যায়নি।

 

তিনি আরও বলেন, শর্টসার্কিট হলে অতিরিক্ত বিদ্যুৎ প্রবাহের কারণে ফিউজ কেটে যাওয়ার কথা। কিন্তু উদ্ধার করা আলামতে এমন কোনো লক্ষণ পাওয়া যায়নি। এই বিবেচনায় আমরা বলতে পারি এখানে কোনো শর্টসার্কিট-এর ঘটনা ঘটেনি।

এদিকে বৃহস্পতিবার (১২ নভেম্বর) জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের চতুর্থ দিনে পয়েন্ট অব অর্ডারের জবাবে দেওয়া বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ সংসদে বলেছিলেন, স্থানীয় ব্যক্তিবর্গ, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সবার সঙ্গে আলোচনা এবং আলামত মূল্যায়ন করে প্রাথমিকভাবে পেট্রোল বোমা বিস্ফোরণের মতো কোনো শব্দ বা দেয়ালে পেট্রোল বোমার কোনো চিহ্ন পাওয়া যায়নি। এমনকি কোনো সাক্ষীও পেট্রোল বোমা ব্যবহারের কোনো তথ্য দেননি। ঘটনাস্থলের ছবি, দেয়াল ও অন্যান্য আলামত পর্যালোচনা করে ধারণা করা হচ্ছে, বাড়িটি পুরোনো হওয়ায় এবং ইলেকট্রিক ওয়্যারিং দুর্বল থাকায় বৈদ্যুতিক শর্টসার্কিটের কারণেও এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে থাকতে পারে। তবে এটি সম্পূর্ণ তদন্ত সাপেক্ষে নিশ্চিত করা সম্ভব হবে।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও জানিয়েছিলেন, পরিত্যক্ত বা কম ব্যবহৃত ওই বাড়িতে কেয়ারটেকারের জুতা তৈরির কিছু সরঞ্জাম ও কাপড় ছিল, যা আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং দুটি ছাগল মারা গেছে। এ ঘটনায় ইতোমধ্যে থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে এবং পুলিশ সে অনুযায়ী তদন্ত চালিয়ে যাচ্ছে। এর পেছনে কেউ নাশকতামূলক কোনো কর্মকাণ্ড চালিয়ে থাকলে অধিকতর তদন্তে তা প্রমাণিত হলে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।

অন্যদিকে শুক্রবার সংবাদিকদের এমপি নুসরাত তাবাসসুম বলেন, আমি এখনো মনে করি এই ঘটনাটি আ. লীগের কুকীর্তি। আওয়ামী লীগের পক্ষ থেকে দায় স্বীকারের দাবি, ঘটনাটি নিয়ে উল্লাস প্রকাশ এবং সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি প্রচার করার ঘটনাগুলো দেখে আমার বিশ্বাস, এটি তাদেরই কাজ।

 

তিনি বলেন, গতকাল থানায় এজাহার দিয়ে মামলা করার সময় একজন আসামির অবস্থান, তার মোবাইল নম্বরসহ আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য তাৎক্ষণিকভাবে অতিরিক্ত পুলিশ সুপারকে (ক্রাইম) জানিয়েছিলাম। আশা করেছিলাম, দ্রুত সময়ের মধ্যে এ বিষয়ে দৃশ্যমান অগ্রগতি দেখতে পাব। কিন্তু এখন পর্যন্ত তেমন কোনো ফলাফল আমরা দেখতে পাইনি।

 

নুসরাত তাবাসসুম আরও বলেন, কোনো দুর্ঘটনা কিংবা নাশকতার ঘটনা ঘটলে কীভাবে ঘটেছে এবং কারা এর সঙ্গে জড়িত, তদন্তের মূল গুরুত্ব হওয়া উচিত সেসব বিষয়। কিন্তু সেদিকে গুরুত্ব না দিয়ে বাড়িটি কাঁচা নাকি পাকা, পরিত্যক্ত কি না, সেখানে মানুষ বসবাস করতেন কি না, তারা কোন শ্রেণি-পেশার মানুষ, এমনকি সেখানে গরু নাকি ছাগল থাকত এসব বিষয় নিয়ে আলোচনা করা হচ্ছে। এ ধরনের আলোচনার আমি নিন্দা জানাই।

 

তিনি আরও বলেন, কোনো ধরনের তদন্ত শেষ হওয়ার আগেই জাতীয় সংসদে দাঁড়িয়ে তদন্তের ফলাফল বলে দেওয়ার মতো আচরণ আমি ঘৃণাভরে প্রত্যাখ্যান করছি। এ ধরনের বক্তব্য ও আচরণের আমি তীব্র বিরোধিতা করছি।

Leave a Reply

Back to top button