“বুদ্ধিমত্তা ও পেশাদারিত্বই আধুনিক পুলিশিংয়ের মূল চালিকাশক্তি: গাজীপুর এসপি”
"বুদ্ধিমত্তা ও পেশাদারিত্বই আধুনিক পুলিশিংয়ের মূল চালিকাশক্তি: গাজীপুর এসপি"

বাস্তব প্রশিক্ষণ প্রদান কালে বুদ্ধিমত্তা ও পেশাদারিত্বই আধুনিক পুলিশিংয়ের মূল চালিকাশক্তি : পুলিশ সুপার জসীম উদ্দীন
গোয়েন্দা তথ্য সংগ্রহ ও বিশ্লেষণে দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে গাজীপুর ডিস্ট্রিক্ট স্পেশাল ব্রাঞ্চের কর্মকর্তাদের বাস্তব প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। সোমবার গাজীপুর জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
স্পেশাল ব্রাঞ্চ স্কুল অব ইন্টেলিজেন্স, উত্তরা, ঢাকা কর্তৃক পরিচালিত ৩তম ‘‘কম্প্রিহেনসিভ ইন্টেলিজেন্স কোর্স ফর ডিআইও’’ এর প্রশিক্ষণার্থীদের ডিএসবি’র বিভিন্ন স্তরের কার্যক্রমের উপর এ বাস্তব প্রশিক্ষণ দেন গাজীপুর জেলার পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিন, পিপিএম (বার)।
প্রশিক্ষণে ডিএসবি’র তথ্য সংগ্রহ, গোপন সূত্র ব্যবস্থাপনা, অপরাধ প্রবণ এলাকা চিহ্নিতকরণ, জননিরাপত্তা নিশ্চিতে গোয়েন্দা নজরদারি এবং আধুনিক তথ্য প্রযুক্তির ব্যবহার সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়। প্রশিক্ষণার্থীরা মাঠ পর্যায়ের বাস্তব অভিজ্ঞতা অর্জনের সুযোগ পান।
প্রশিক্ষণ শেষে পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিন, পিপিএম (বার) বলেন, আধুনিক সময়ে আইন-শৃঙ্খলা রক্ষায় শুধু মাঠ পর্যায়ের টহল নয়, বুদ্ধিমত্তা ও তথ্য-নির্ভর পুলিশিং সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। একজন ডিআইওকে হতে হবে চৌকস, বিশ্লেষণধর্মী ও সময়োপযোগী। আপনারা যেন দেশের স্বার্থ, জনগণের নিরাপত্তা ও রাষ্ট্রের স্থিতিশীলতা রক্ষায় পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করেন—সেটিই আমাদের প্রত্যাশা।
তিনি আরও বলেন, গোয়েন্দা তথ্যের সঠিকতা ও সময়োপযোগী প্রয়োগই পারে দ্রুত অপরাধ প্রতিরোধ করতে। প্রশিক্ষণলব্ধ জ্ঞান মাঠে প্রয়োগ করে আপনারা গাজীপুরকে একটি নিরাপদ ও অপরাধমুক্ত জেলা হিসেবে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে আমি বিশ্বাস করি।
প্রশিক্ষণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস)খন্দকার আশফাকুজ্জামান, বিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি)মোহাম্মদ মোজাম্মেল হোসেন,সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) ফয়েজ আহমেদ মিরু এবং ডিআইও-১, ডিএসবি, গাজীপুর মোহাম্মদ আবুল বাশার মিয়া।
উল্লেখ্য, স্পেশাল ব্রাঞ্চ স্কুল অব ইন্টেলিজেন্স দেশের বিভিন্ন জেলার ডিএসবি কর্মকর্তাদের পেশাগত দক্ষতা বৃদ্ধির জন্য নিয়মিত এ ধরনের কম্প্রিহেনসিভ ইন্টেলিজেন্স কোর্স পরিচালনা করে থাকে।

