অপরাধ

সোনারগাঁওয়ে অটোরিকশা চালক মোমিন হত্যায় মূল আসামি শাহিন গ্রেফতার

সোনারগাঁওয়ে অটোরিকশা চালক মোমিন হত্যায় মূল আসামি শাহিন গ্রেফতার

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে অটোরিকশা চালক মোমিন (৪৫) হত্যাকাণ্ডের ঘটনায় দীর্ঘ দেড় মাস পর মূল অভিযুক্ত শাহিনকে (৪৫) গ্রেফতার করেছে পুলিশ। গতকাল শুক্রবার (০৩ জুলাই) গভীর রাতে মেঘনা থানা পুলিশের সহায়তায় একটি প্রতিষ্ঠানের ভেতর থেকে তাকে গ্রেফতার করা হয়।

​গ্রেফতারকৃত শাহিন সোনারগাঁও উপজেলার সনমানদি ইউনিয়নের দড়িকান্দি গ্রামের নওশের আলীর ছেলে। সে দড়িকান্দি স্ট্যান্ডে অটোরিকশার লাইনম্যান হিসেবে কাজ করত।

​মামলার এজাহার ও পুলিশ সূত্রে জানা যায়, গত ১৭ মে দুপুরে দড়িকান্দি সিএনজি স্ট্যান্ডের পাশে অটোরিকশার সিরিয়াল দেওয়া নিয়ে মোমিনের সঙ্গে লাইনম্যান শাহিনের বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে শাহিন ক্ষিপ্ত হয়ে মোমিনের মাথায়, মুখে ও গলায় এলোপাথাড়ি কিল-ঘুষি ও চর-থাপ্পড় মারতে থাকে। এতে মোমিন গুরুতর আঘাতপ্রাপ্ত হয়ে ঘটনাস্থলেই জ্ঞান হারিয়ে ফেলেন। এ সময় শাহিন অজ্ঞান মোমিনের পকেট থেকে নগদ ৫ হাজার টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।

​স্থানীয়রা মোমিনের বড় ভাইকে খবর দিলে তাকে উদ্ধার করে প্রথমে মদনপুর আল-বারাকাহ হাসপাতালে এবং পরে অবস্থার অবনতি হলে ঢাকার আগারগাঁও নিউরো সায়েন্স হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় ২০ মে সকালে মোমিনের মৃত্যু হয়। এ ঘটনায় আগে দায়ের করা মারামারি ও চুরির মামলাটি পরবর্তীতে হত্যা মামলায় রূপান্তরিত হয়।

​সোনারগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম সারোয়ার জানান, ঘটনার পর থেকেই আসামি শাহিন আত্মগোপনে চলে যায়। ‘বি’ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার দীপংকর ঘোষের তত্ত্বাবধানে পুলিশের বিশেষ অভিযানে শুক্রবার রাত পৌনে ৩টার দিকে মেঘনা থানার ফ্রেশ কোম্পানির ভেতর থেকে তাকে গ্রেফতার করা হয়।

​প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি শাহিন হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। আজ তাকে আদালতে পাঠানো হয়েছে এবং সে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে সম্মত হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

Leave a Reply

Back to top button