রাজনীতি

ফতুল্লা থানা বিএনপির সভাপতি টিটুকে নিয়ে মিথ্যা সংবাদের কুতুবপুর ইউনিয়ন বিএনপির প্রতিবাদ

ফতুল্লা থানা বিএনপির সভাপতি টিটুকে নিয়ে মিথ্যা সংবাদের কুতুবপুর ইউনিয়ন বিএনপির প্রতিবাদ

নারায়ণগঞ্জের ফতুল্লা থানা বিএনপির সংগ্রামী সভাপতি শহিদুল ইসলাম টিটু ও তাঁর পরিবারকে নিয়ে একটি স্থানীয় দৈনিক পত্রিকায় প্রকাশিত মিথ্যা ও বানোয়াট সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কুতুবপুর ইউনিয়ন শাখা।

​মঙ্গলবার (০৮/০৯/২০২৬) কুতুবপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. নজরুল ইসলাম মাস্টার এবং সাধারণ সম্পাদক আলহাজ্ব আনোয়ার হোসেনের যৌথ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই প্রতিবাদ জানানো হয়।

​বিজ্ঞপ্তিতে বলা হয়, গত সোমবার (০৭/০৯/২০২৬) নারায়ণগঞ্জের একটি দৈনিক পত্রিকায় ফতুল্লা থানা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম টিটু ও তাঁর পরিবারকে নিয়ে ভুয়া ও মিথ্যা প্রতিবেদন প্রকাশিত হয়েছে। অথচ শহিদুল ইসলাম টিটু একজন পরীক্ষিত ও জনপ্রিয় নেতা, যিনি বিগত স্বৈরাচার বিরোধী আন্দোলনে রাজপথের সম্মুখভাগে থেকে ফতুল্লা থানা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃত্ব দিয়েছেন। আন্দোলন করতে গিয়ে তিনি মিথ্যা মামলা, হামলা, জেল-জুলুম এবং গুমের শিকার হয়েছেন। এমনকি তৎকালীন পুলিশের গুলিতে তিনি চোখের মারাত্মক ক্ষতি ও দৃষ্টিশক্তি হারানোর পথে রয়েছেন। তাঁর এই আত্মত্যাগের বিষয়টি দেশি-বিদেশি বিভিন্ন গণমাধ্যমেও প্রশংসিত হয়েছে।

​নেতৃবৃন্দ আরও বলেন, একজন নিবেদিতপ্রাণ ও ত্যাগী নেতার এমন জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে একটি কুচক্রী মহল তাঁকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার ষড়যন্ত্র চালাচ্ছে। সংবাদ প্রকাশের ক্ষেত্রে আরও সতর্ক হওয়ার আহ্বান জানিয়ে নেতৃবৃন্দ বলেন, কোনো রকম যাচাই-বাছাই ছাড়া প্রতিপক্ষের দেওয়া তথ্যের ভিত্তিতে এমন মনগড়া সংবাদ প্রকাশ অত্যন্ত দুঃখজনক।

​ফতুল্লা থানা শাখার কুতুবপুর ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের পক্ষ থেকে এই মিথ্যা ও বানোয়াট সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয় এবং ভবিষ্যতে সত্যতা যাচাই করে সংবাদ প্রকাশের জন্য সংশ্লিষ্ট গণমাধ্যমের প্রতি অনুরোধ জানানো হয়।

Leave a Reply

Back to top button