এশিয়ান হাইওয়েতে ডাকাতের কবলে ইসলামি বক্তা রফিকুল ইসলাম মাদানী
নারায়ণগঞ্জ প্রতিনিধি : মোঃ রিদয় মল্লিক

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে এশিয়ান হাইওয়ে সড়কের পাকুন্ডা এলাকায় ডাকাতের কবলে পড়েছেন জনপ্রিয় ইসলামি বক্তা রফিকুল ইসলাম মাদানী। রোববার (২৫ অক্টোবর) দিবাগত রাতে কুমিল্লায় এক ওয়াজ মাহফিল শেষে বাড়ি ফেরার পথে এ ঘটনার মুখোমুখি হন তিনি।
গাড়ির চালকের তাৎক্ষণিক বিচক্ষণতায় রক্ষা পাওয়ায় তার কোনো ক্ষ ক্ষয়ক্ষতি বা মালামাল খোয়া যায়নি বলে জানা গেছে।
ঘটনার বিবরণ দিয়ে রফিকুল ইসলাম মাদানী জানান, রোববার গভীর রাতে কুমিল্লা থেকে ফেরার সময় এশিয়ান হাইওয়ে সড়কের পাকুন্ডা এলাকায় পৌঁছালে একদল ডাকাত সড়কের ওপর বড় বড় পাথর ফেলে গাড়ির গতিরোধ করে। ডাকাত দলের হাতে রামদাসহ দেশীয় ধারালো অস্ত্র ছিল।
তিনি আরও জানান, ডাকাতদের সড়ক অবরোধ করতে দেখে তার গাড়ির চালক দ্রুত গাড়িটি ঘুরিয়ে নিতে সক্ষম হন। ফলে তাদের গাড়িটি অল্পের জন্য রক্ষা পায়। তবে সড়কে আটকে পড়া অন্য একটি গাড়ির চালকের কাছ থেকে টাকা-পয়সা ও মূল্যবান সামগ্রী ছিনিয়ে নিয়ে ডাকাতেরা পালিয়ে যায়।
ঘটনার পরপরই রফিকুল ইসলাম মাদানী সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক লাইভে এসে ঘটনার বিস্তারিত জানান এবং নিরাপত্তার আকুতি প্রকাশ করেন।
এ বিষয়ে সোনারগাঁ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহম্মদ আব্দুল বারিক জানান, ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। খবর পাওয়ার পরপরই এলাকায় পুলিশের নজরদারি বাড়ানো হয়েছে এবং জড়িত ডাকাত চক্রটিকে শনাক্ত করে গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

