রাজনীতি

সাবেক স্বরাষ্ট্র উপদেষ্টা দুর্বল হলেও জিরো টলারেন্স ছিলেন, আর শক্তিশালী মন্ত্রীর আমলে চলছে নৈরাজ্য’

নারায়ণগঞ্জ প্রতিনিধি : মোঃ রিদয় মল্লিক

বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদের কর্মকাণ্ডের কড়া সমালোচনা এবং অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক স্বরাষ্ট্র উপদেষ্টার ভূমিকার সাথে তুলনা করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন সংসদ সদস্য (এমপি) আব্দুল্লাহ আল আমিন।

​নিজের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া ওই পোস্টে এমপি আব্দুল্লাহ আল আমিন বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি ও রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করেন।

​পোস্টে তিনি উল্লেখ করেন, অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে সাবেক স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীকে ‘সবচেয়ে দুর্বল উপদেষ্টা’ বলা হলেও, তিনি নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের (পোস্টে ‘লীগ’ হিসেবে উল্লিখিত) ব্যাপারে ‘জিরো টলারেন্স’ নীতি বজায় রেখেছিলেন। এমপি আব্দুল্লাহ আল আমিনের দাবি অনুযায়ী, সাবেক ওই উপদেষ্টা দলটিকে নিয়ন্ত্রণে রেখেছিলেন এবং গোপালগঞ্জেও তাদের মাথাচাড়া দিয়ে উঠতে দেননি।

​বর্তমান সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদের সমালোচনা করে আব্দুল্লাহ আল আমিন লেখেন, বর্তমান সরকারের ‘সবচেয়ে শক্তিশালী মন্ত্রী’ হিসেবে পরিচিত স্বরাষ্ট্রমন্ত্রীর আমলেই দেশে আওয়ামী লীগের নৈরাজ্য চলছে। তিনি অভিযোগ করেন, বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী একজন সংসদ সদস্যের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনাকে ‘শর্ট সার্কিট’ বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করছেন এবং প্রকাশ্যে দলটির নাম মুখে নিচ্ছেন না।

​পোস্টের শেষাংশে ক্ষোভ প্রকাশ করে এই সংসদ সদস্য দাবি করেন, বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রীর আমলেই গোপালগঞ্জকে ‘মুক্তাঞ্চল’ ঘোষণা করে নিষিদ্ধ সংগঠনটির কর্মীরা প্রকাশ্যে সন্ত্রাস ও নৈরাজ্য চালাচ্ছে। ব্যঙ্গাত্মক সুরে তিনি আরও লেখেন, এত কিছুর পরও বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রীকে ‘ব্যর্থ’ বলা যাবে না, কারণ তিনি আইন ও সংবিধান জানেন এবং অসত্য ও ভুল তথ্য দিয়ে ভালো বক্তব্য দিতে পারেন। পুরো বিষয়টিকে তিনি ‘চরম অযোগ্যতা ও জ্ঞানের এক অপূর্ব নজির’ বলে আখ্যায়িত করেন।

Leave a Reply

Back to top button