শোকজ নোটিশকে ‘ভিত্তিহীন’ দাবি করে প্রত্যাহার চান নারায়ণগঞ্জ সদর থানা বিএনপির সাধারণ সম্পাদক
শোকজ নোটিশকে ‘ভিত্তিহীন’ দাবি করে প্রত্যাহার চান নারায়ণগঞ্জ সদর থানা বিএনপির সাধারণ সম্পাদক

নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব মোঃ আবু আল ইউসুফ খান টিপু কর্তৃক প্রেরিত কারণ দর্শানো (শোকজ) নোটিশের জবাব দিয়েছেন নারায়ণগঞ্জ সদর থানা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এইচ.এম আনোয়ার প্রধান। শোকজ নোটিশে আনা অভিযোগগুলোকে ভিত্তিহীন, অস্পষ্ট ও অযুক্তিক উল্লেখ করে তা অবিলম্বে প্রত্যাহারের আবেদন জানিয়েছেন তিনি।
বৃহস্পতিবার (৮ অক্টোবর ) প্রেরিত লিখিত জবাবে অ্যাডভোকেট এইচ.এম আনোয়ার প্রধান জানান, তার বিরুদ্ধে সাংগঠনিক কাজে অনুপস্থিতির যে অভিযোগ আনা হয়েছে তা সম্পূর্ণ ভিত্তিহীন। গত ২৫ সেপ্টেম্বর আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে নারায়ণগঞ্জ সদর থানা বিএনপির উদ্যোগে আয়োজিত বিক্ষোভ মিছিলে তিনি নিজে নেতৃত্ব দিয়েছেন। বিগত সময়ে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে সক্রিয় থাকার কারণে তার বিরুদ্ধে জেলাজুড়ে ২১টি রাজনৈতিক মামলা দায়ের করা হয় এবং তিনি প্রায় ১২৫ দিন জেলহাজতে বন্দি ছিলেন বলে জানান।
গত ৬ অক্টোবরের ঘটনা প্রসঙ্গে জবাবে উল্লেখ করা হয়, ওই দিন জেলা জজ আদালতের পাবলিক প্রসেকোটরের (পিপি) ওপর হামলায় তার কোনো উস্কানি বা ভূমিকা ছিল না। সাধারণ আইনজীবীরা পিপিকে রক্ষায় এগিয়ে আসলে তিনি কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা যেন না ঘটে সে বিষয়ে সচেষ্ট ছিলেন এবং তাকে উদ্ধারের চেষ্টা করেন। সাধারণ আইনজীবীদের ওপর হামলার প্রতিবাদ জানানোর পাশাপাশি তিনি উক্ত ঘটনায় জড়িতদের বিচার দাবি করেন।
জবাবে তিনি আরও উল্লেখ করেন যে, অনলাইন মিডিয়ায় তার বক্তব্যের আংশিক প্রচার করে বিভ্রান্তি তৈরি করা হয়েছে। এছাড়া বিশেষ পিপি অ্যাডভোকেট সুমন সংক্রান্ত অভিযোগকেও মিথ্যা ও ভিত্তিহীন বলে দাবি করেন তিনি।
নোটিশের জবাব প্রদানের জন্য দেওয়া ২৪ ঘণ্টার সময়সীমাকে ‘প্রাকৃতিক ন্যায়বিচারের পরিপন্থী’ এবং ‘ব্যক্তিগত ক্ষোভের বহিঃপ্রকাশ’ হিসেবে আখ্যা দিয়ে তিনি বলেন, আইনজীবীদের অভ্যন্তরীণ ঘটনা নিয়ে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব কর্তৃক শোকজ নোটিশ জারি করা অসংগত ও সমীচীন নয়।
সার্বিক পরিস্থিতি ও তথ্যাদি বিবেচনা করে তার বিরুদ্ধে আনীত শোকজ নোটিশটি প্রত্যাহারের জন্য দলীয় নেতৃত্বের প্রতি জোর দাবি জানান এই বিএনপি নেতা।

